কিংবদন্তির শীলা দেবী ঘাট সংস্কারের অভাবে বেহাল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ইতিহাস ও কিংবদন্তির অংশ শীলা দেবী ঘাটের এখন নাজুক দশা। শুধু সংস্কারের অভাবে আড়াই হাজার বছরের পুরোনো ইতিহাস আজ হারিয়ে যেতে বসেছে। হিন্দুধর্মাবলম্বীরা ঘাটটি টিকিয়ে রাখার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অর্থনৈতিক কারণে তাঁরা আর পেরে উঠছেন না। মহাতীর্থ শীলা দেবী ঘাট ও মহাশ্মশান উন্নয়ন কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার মহাস্থানগড়ের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। রাজা পরশুরামের বোন শীলা দেবী যে স্থানে আত্মাহুতি দেন, সেই স্থানটি শীলা দেবী ঘাট নামে পরিচিত। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে শীলা দেবী ঘাটে স্নান হয়। পুণ্যার্থীরা পাপতাপ বিসর্জন দেন করতোয়া নদীতে। দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন স্নান করতে। এ ছাড়া প্রতি ১২ বছর পরপর পৌষ নারায়ণীযোগেও স্নান হয় এখানে। কথিত আছে, হাজার বছরের ঐতিহ্য করতোয়ার এই স্নানোৎসবকে বাঙালি হিন্দুরা ভারতের গঙ্গাস্নানের মতোই পবিত্র মনে করেন। এখানে স্নানোৎসব উপলক্ষে আদিকাল থেকেই অনেক পুরোহিতসহ ধর্মানুরাগীদের সমাগম ঘটে। এলাকাবাসী জানায়, করতোয়া নদী বলতে এখন যা রয়েছে তা শুকিয়ে সারা বছর হাঁটুসমান পানিও থাকে না। এ ছাড়া ঘাটে আসতে যে সামান্য সড়ক রয়েছে, সেটাও কাঁচা। এবড়োথেবড়ো হয়ে পড়েছে। আর এ ঘাটে এসে মানুষদের রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। আট বছর আগে এ ঘাট এলাকায় রোদ-বৃষ্টির সময় মানুষের আশ্রয় নেওয়ার জন্য স্থানীয়ভাবে একটি যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কিছু দূর কাজ এগোনোর পরই টাকার অভাবে তা বন্ধ হয়ে যায়।মহাতীর্থ শীলা দেবী ঘাট ও মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি প্রহল্লাদ চন্দ্র সরকার বলেন, শীলা দেবী ঘাট অবহেলা-অনাদরে পড়ে আছে। বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও প্রয়োজনীয় টাকার সংস্থান করা যায়নি।