'কিআনন্দ' আকাশে-বাতাসে

‘কিআনন্দ’ উৎসবে কেবল আনন্দ আর আনন্দ। গান, নাচ, ছড়া, আড্ডা, মজার মজার খেলায় মেতেছে কিশোর-কিশোরীরা। বাদ নেই বড়রাও।
আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে ‘কিআনন্দ’ উৎসব উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সংগীতশিল্পী তাহসান। এই পর্বে তাঁদের সঙ্গে ছিলেন সেন্ট যোসেফ বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং কিআর নির্বাহী সম্পাদক সিমু নাসের।
কিশোর আলোর তৃতীয় বর্ষ উদ্যাপন আজ। অনুষ্ঠানজুড়ে বর্ণিল আয়োজন। অনুষ্ঠানকে আরও রঙে রাঙাতে উদ্বোধনের পরপরই রংতুলি নিয়ে বসে যায় কিশোর-কিশোরীরা। দুই গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
সুরের ধারার খুদে শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তাহসান বলেন, ‘আমরা কখন কী করছি, কী পড়ছি, কেন পড়ছি—এই প্রশ্নগুলো না করে অব্যাহতভাবে শিখে যেতে হবে। কারণ, আপনি যা পড়ছেন বা শিখছেন, ঠিক সময়ে সেটার প্রয়োগ হবে। আমরা লেখাপড়া করব। মজার মানুষ হব।’
উৎসবের মধ্যমণি ক্রিকেটার মুস্তাফিজ মাদক থেকে দূরে থাকার জন্য সবাইকে আহ্বান জানান। তাঁকে ঘিরে ভক্তদের ভিড় জমে।
কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। যা কিছু ভালো, তা করবে কিশোর আলো।’ তিনি বলেন, কিশোর আলোতে কিছু আনন্দ আর জ্ঞানের সন্ধান দেওয়া হয়। বই পড়ার ভেতর দিয়ে মানুষের জ্ঞানের বিস্তৃতি ঘটানো কিশোর আলোর চাওয়া। কারণ নাটক, শিল্পকলা, গান, সাহিত্য সবকিছু মিলিয়েই জীবন।
ছবি আঁকা আর সুধীজনদের বক্তব্যের পর সুরে না ভাসলে কী চলে! তাই মঞ্চে উঠে যায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আর শহীদ পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা। সেখানে চলে তাদের সাংস্কৃতিক পরিবেশনা। গান গায় কিআর দুই স্বেচ্ছাসেবক প্রেরণা ও প্রতীক্ষা।
এরপরই মঞ্চে আসেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ‘বিজ্ঞান চিন্তা’ নামের নতুন একটি পত্রিকা আসার ঘোষণা দেন তিনি। বলেন, ‘আমাদের যত কাজ, যত উদ্দেশ্য, সবটাই তোমাদেরকে, অর্থাৎ, কিশোর-তরুণদের লক্ষ্য করে। আর আমাদের একমাত্র চাওয়া বাংলাদেশের জয়।’ মতিউর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ তরুণদের নিয়ে আরও আরও এগিয়ে যাবে। আর আমি খুব করে চাই কিশোর আলো প্রথম আলোর চেয়ে এগিয়ে যাক।’
অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে আসে সিসিমপুর। টুকটুকি, হালুম আর ইকরির মজার পরিবেশনায় দারুণ খুশি কিশোর-কিশোরীরা। এত সব আয়োজনের ফাঁকে ফাঁকে মঞ্চে এসে নিজেদের মনের কথা জানায় কিশোর আলোর বন্ধুরা।
নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খন্দকার তাসনিম ইউনুস ভবানীপ্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’ কবিতাটি আবৃত্তি করে। তার আবৃত্তিতে মুগ্ধ হয় উপস্থিত দর্শক-শ্রোতারা।
মজায় মজায় বাড়তে থাকে বেলা। বেলা ১১টার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে লেখক-শিল্পীদের সঙ্গে চলে আড্ডা। কিশোর-কিশোরীদের মজার মজার প্রশ্নের উত্তর দেন তাঁরা। আড্ডায় ছিলেন ছড়াকার আমীরুল ইসলাম, ছড়াকার রোমেন রায়হান, লেখক ফরিদুর রেজা সাগর, লেখক ও অভিনেতা আফজাল হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, কার্টুন বেসিক আলীখ্যাত শাহরিয়ার, লেখক শিবব্রত বর্মণ, ছোট কাকু নাটকের দুই অভিনয়শিল্পী সীমান্ত, মুনিয়াসহ অনেকে।
উৎসবে স্টলগুলো ছিল জমজমাট। ক্যারিকেচার, মুসা ইব্রাহীমের সঙ্গে বিশাল কৃত্রিম পাহাড়, বইয়ের ও খাবারের দোকানে দেখা গেছে উপচেপড়া ভিড়।
উৎসবে রয়েছে, কার্টুন, কমিকস প্রদর্শনী, বিজ্ঞানের বিভিন্ন মজার খেলা, অ্যাডভেঞ্চার, বিট বক্সিং, অরিগ্যামি, জাদু, খেলাধুলা, কম্পিউটার গেম, শখের দুনিয়া, সাইকেল স্টান্টসহ আরও অনেক কিছুই।
কাগজের নানা খেলা নিয়ে রয়েছে অরিগ্যামি দল। তাদের সঙ্গে বসে হাতি, ঘোড়া, বিমানসহ নানা কিছু বানানোর সুযোগ রয়েছে।
সংগীতশিল্পী মিনার, সন্ধি-স্বাগতা-সভ্যতা থাকছেন তাঁদের গান নিয়ে। দিন শেষে থাকছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পরিবেশনা। আছেন প্রিয় খেলোয়াড়, শিল্পী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যক্তিরা। দিনব্যাপী এ উৎসবটি সবার জন্য উন্মুক্ত। বিকেল পাঁচটা পর্যন্ত একটানা চলবে এ উৎসব। নানা প্রতিযোগিতার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। কিআর টি-শার্ট, মগ, রিস্টব্যান্ডও পাওয়া যাচ্ছে।