কিআনন্দের জমজমাট প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিআনন্দের অতিথিদের জন্য আমন্ত্রণপত্র প্রস্তুত করতে ব্যস্ত কিআর বন্ধুরা l ছবি: প্রথম আলো
কিআনন্দের অতিথিদের জন্য আমন্ত্রণপত্র প্রস্তুত করতে ব্যস্ত কিআর বন্ধুরা l ছবি: প্রথম আলো

কারওয়ান বাজারের সিএ ভবনে কিশোর আলোর হলরুম এ কদিন রীতিমতো ব্যস্ত। হলরুমের পুরু আর অস্বচ্ছ কাচের দেয়াল ভেদ করেও এ পাশে শোনা যেত সুরেলা গানের আওয়াজ। সঙ্গে গানের তালে তাল মেলানো একটু হুটোপুটির শব্দ। কৌতূহলে বন্ধ দরজা ঠেলে ওপাশে ঢুকলেই দেখা গেল, গানের তালে তালে বেশ ব্যস্তভাবে নাচছে গোটা পঞ্চাশেক কিশোর-কিশোরী। খোঁজ নিয়ে জানা গেল, কিশোর আলোকে নিয়ে তৈরি গানের সঙ্গে নাচ পরিবেশনার চূড়ান্ত মহড়া করছে তারা। তাতে কিশোর আলোর এসব স্বেচ্ছাসেবকেরা এ কদিন মাথার ঘাম পায়ে ঝরিয়েছে। কারণ, দর্শকদের সামনে নিজেদের সেরাটা উপহার দিতে চায় তারা।
অন্যদিকে প্রায় প্রতিদিনই বিপুল কাজে ব্যস্ত কিশোর আলোর আরও অনেক স্বেচ্ছাসেবক। দেশের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল সব নক্ষত্রকে বাড়িতে বাড়িতে আমন্ত্রণপত্র পৌঁছে দিতেও ব্যস্ত তারা। কিন্তু কেন এত সব ব্যস্ততা? কেনই বা এত ঘাম ঝরানো?
কারণ একটাই। আগামী শুক্রবার শিশু-কিশোরদের জন্য পর্দা উঠবে সারা দিনের হইচই আনন্দ আর মাতামাতি উৎসবের বা কিআনন্দ ২০১৫-এর। বাংলাদেশের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় মাসিক পত্রিকা কিশোর আলোর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে এ উৎসব। এ উৎসবের জন্য বলতে গেলে মাস খানেক ধরেই চলছে ব্যাপক প্রস্তুতি। উৎসবে সবার সামনে নিজেদের সেরাটা দেখানোর জন্য চেষ্টার কমতি নেই কারোই।
উৎসবের জন্য হাতে আছে আর মাত্র দুদিন। রাজধানীর অন্যদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সানিডেইল আর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও বেশ প্রাণচাঞ্চল্য। তারাও দর্শকদের সামনে নিজেদের সেরাটা উপহার দিতে মহড়া করছে নিজ নিজ স্কুলে। বসে নেই বড়রাও। শিশু-কিশোরদের জটিল আর বুদ্ধিদীপ্ত সব প্রশ্নের সঠিক আর নির্ভুল উত্তর দিতে নিজেদের আরও একবার ঝালিয়ে নিচ্ছেন তাঁরা। বড়দের এ দলে আছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কার্টুনিস্ট আহসান হাবীব, লেখক আনিসুল হক, অভিনেতা আফজাল হোসেন, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরসহ অনেক জ্ঞানী-গুণীজন। জাদু দেখানোর কাজটা আরও সতর্কতার সঙ্গে অনুশীলন করছেন জনপ্রিয় জাদুকর রাজীব বসাক, যাতে কোনো ভুলচুক থেকে না যায়।
ওদিকে গানের জন্য নিজের দলবল নিয়ে প্রস্তুত হচ্ছেন দেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বসে নেই বর্তমান সময়ের জনপ্রিয় গানের দল জলের গানের সদস্যরাও। এ ছাড়া গায়ক মিনার, ইবরার টিপুও বেশ ব্যস্ত আছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
১ অক্টোবর দুই বছর পূরণ করল কিশোর আলো। এ উপলক্ষে ১৬ অক্টোবর, শুক্রবার ঠিক সকাল আটটায় রাজধানীর সেন্ট যোসেফ স্কুলমাঠে আয়োজিত হচ্ছে কিআনন্দ ২০১৫ উৎসব। সবার জন্য উন্মুক্ত এই উৎসব চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। উৎসবের উদ্যোক্তারা জানালেন, সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নিতে পারবে তৃতীয় থেকে পঞ্চম (ক বিভাগ) এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (খ বিভাগ) পর্যন্ত পড়ুয়া যে কেউ। ‘ক’ বিভাগের বিষয় ‘আমার স্বপ্ন’ এবং ‘খ’ বিভাগের বিষয় ‘আমার শহর’। প্রতিযোগিতার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে চলে আসতে হবে উৎসব প্রাঙ্গণে। সঙ্গে করে ছবি আঁকার সরঞ্জাম আনতে হবে। প্রয়োজনীয় কাগজ কিআর পক্ষ থেকে দেওয়া হবে। বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার!
তোমাদের অনেকেরই মজার সংগ্রহের শখ আছে হয়তো। কেউ হয়তো ডাকটিকিট সংগ্রহ করছ, কেউ স্টিকার, কয়েন, খেলার টিকিট, ইরেজার, স্ক্র্যাপবুক, পেনড্রাইভ, কলম, পেনসিল ইত্যাদি। তোমার যদি এ রকম বিচিত্র জিনিস সংগ্রহের শখ থাকে, তবে দ্রুত যোগাযোগ করো কিশোর আলোর সঙ্গে। তোমার শখের জিনিসের প্রদর্শনী করা হবে কিআনন্দে। বিস্তারিত জানতে এবং নিবন্ধনের জন্য ফোন করো ০১৬৭০৯০৬০৮০ নম্বরে।
কিআনন্দ কসপ্লেতে (কসটিউম প্লে) তোমরা সেজে আসতে পারো তোমার প্রিয় টিনটিন, সুপারম্যান, ব্যাটম্যানসহ যেকোনো কমিকস চরিত্র কিংবা রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, আইনস্টাইনের মতো বিভিন্ন ব্যক্তিত্বের সাজে। কসপ্লে শুরু হবে বেলা তিনটায়। রয়েছে পুরস্কার। কিআনন্দে সকাল ১০টায় শুরু হবে টেবিল টেনিস টুর্নামেন্ট। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিআ চ্যাম্পিয়নশিপে। তোমার টিটি ব্যাটটি সঙ্গে এনো। নিবন্ধনের জন্য ফোন করো ০১৯১২২৪২৭৬৭ নম্বরে।
তোমার প্রিয় পোষা পাখি, বিড়াল, কুকুর, খরগোশ, মোরগ কিংবা অন্য কোনো পেট থাকলে নিয়ে এসো কিআনন্দে। বেলা তিনটা থেকে এখানে হবে জমজমাট পেট শো। এর বাইরে দিনব্যাপী এ উৎসবে থাকবে কমিকস, গেমিং কর্নার, ক্যারিকেচার, কার্টুন প্রদর্শনী, বিজ্ঞানের মজার খেলা, ফ্ল্যাশ মব, বাস্কেট-অ্যা-বল, মার্বেল, বুদ্ধির খেলা, জাদু, সাইকেল স্টান্ট, নাচ-গান, ওয়াকিং সার্কাস, অরিগ্যামিসহ আরও অনেক কিছু। কিআর দুনিয়ায় তোমাকে স্বাগত।