কিআর তৃতীয় জন্মোৎসব

হাঁটি হাঁটি পা পা করে তিন বছর পূর্ণ করল দেশের সবচেয়ে জনপ্রিয় কিশোর ম্যাগাজিন কিশোর আলো (কিআ)। গতকাল কিআর কার্যালয়ে শতাধিক পাঠক ও স্বেচ্ছাসেবক নিয়ে উদ্যাপিত হলো তৃতীয় জন্মোৎসব।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করে স্বেচ্ছাসেবক সামিয়া শারমিন। বক্তৃতা করেন কিআর প্রকাশক মতিউর রহমান, সম্পাদক আনিসুল হক, নির্বাহী সম্পাদক সিমু নাসের, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, রম্যলেখক মহিউদ্দীন কাউসারসহ অনেকে।
কিআর তিন বছর পূর্তি উপলক্ষে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন উপস্থিত কয়েকজন পাঠক ও স্বেচ্ছাসেবক। বক্তব্য পর্বের শেষে কেক কেটে জন্মোৎসবের সূচনা ঘোষণা করেন মতিউর রহমান। জন্মদিনের মূল কেক ছাড়াও স্বেচ্ছাসেবক ফারহাত তারান্নুম নিজ হাতে কেক বানিয়ে নিয়ে আসে। কেক কাটার পর প্রথম আলো কার্যালয়ের সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীকে কেক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কিআর স্বেচ্ছাসেবকেরা।
কিআর জন্মদিন উপলক্ষে ৭ অক্টোবর রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তৃতীয়বারের মতো দিনব্যাপী ‘কিআনন্দ ২০১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে।