কিআর 'ঐতিহাসিক' ক্রিকেট ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা ও পুরস্কার বিতরণী শেষে হাস্যোজ্জ্বল কিশোর-কিশোরীর দল l ছবি: মাসুদুল হক
খেলা ও পুরস্কার বিতরণী শেষে হাস্যোজ্জ্বল কিশোর-কিশোরীর দল l ছবি: মাসুদুল হক

‘ক্রিকেট মানে কী? বোধ হয় ঝিঁঝি। দুপুরের কাঠফাটা রোদ্দুরে চাঁদিতে ফোস্কা পড়িয়ে ওসব ঝিঁঝি খেলা আমার ভালো লাগে না। মাথার ভেতরে ঝিঁঝি করতে থাকে আর মনে হয়, মস্ত একটা হাঁ করে কাছে কেউ ঝিঁঝিট খাম্বাজ গাইছে। অবশ্য ঝিঁঝিট খাম্বাজ কী আমার জানা নেই, তবে আমার মনে হয়, ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি খেলার মতোই সেটাও ভয়াবহ।’
‘ক্রিকেট মানে ঝিঁঝি’ গল্পে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় প্যলারাম বাড়ুয্যের ভাষায় ক্রিকেটকে সংজ্ঞায়িত করেছিলেন এমনভাবেই। তবে আজ সারা দিন দেড় শতাধিক কিশোর-কিশোরীর কলহাস্যে মুখর ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিশাল মাঠটি তার সম্পূর্ণ বিপরীত নিদর্শনের সাক্ষী হয়ে থাকল।
গতকাল সকাল আটটা থেকেই দেখা যাচ্ছিল ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে উৎফুল্ল ও হাস্যোজ্জ্বল সব মুখ জড়ো হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মাঠে। কিছুক্ষণের মধ্যে খেলার ফিক্সচার পৌঁছে গেল হাতে হাতে। তারপরই শুরু হয়ে গেল নির্ধারিত ম্যাচগুলো।
খেলোয়াড় কম হওয়ায় ছেলেদের খেলার আটটি দলকে ঠিকঠাক করে ‘এ’ ও ‘বি’ গ্রুপে খেলল ছয়টি দল। ‘এ’ গ্রুপের সাকিব আল হাসান একাদশ, তামিম মুশফিক একাদশ ও তাসকিন আহমেদ একাদশ এবং ‘বি’ গ্রুপের মাশরাফি বিন মুর্তজা একাদশ, সৌম্য-মাহমুদউল্লাহ একাদশ ও রুবেল হোসেন একাদশের খেলাগুলোও হলো দারুণ জমজমাট। ইউশরা জাহান ও ফাবিহা হোসেনের নেতৃত্বে ‘সালমা খাতুন একাদশ’ ও ‘খাদিজা-তুল-কুবরা একাদশ’ দল দুটির ম্যাচটিও কোনো অংশে কম উত্তেজনাপূর্ণ ছিল না। মেয়েদের এই একমাত্র ম্যাচটিতে জয়ী হলো ইউশরা জাহানের খাদিজা-তুল-কুবরা একাদশ।
দিন শেষে ছয় ছয়টি ম্যাচের পর গ্রুপের বাকি সব দলগুলোকে হারিয়ে আবু সাঈদ নিশান ও মাহমুদ সৌরভের নেতৃত্বে ছেলেদের খেলার ফাইনালে উঠে আসে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান একাদশ। টানটান উত্তেজনাকর খেলার শেষে মাত্র সাত রানের ব্যবধানে সাকিব আল হাসান একাদশকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফি বিন মুর্তজা একাদশ।
শেষ বিকেলে কিশোর আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসেরের উপস্থাপনায় শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেয়েদের দলের অধিনায়ককে পুরস্কার তুলে দেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী ও ছেলেদের জয়ী দলের অধিনায়ককে পুরস্কারের ট্রফি তুলে দেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। আর এর মাধ্যমেই সমাপ্তি ঘোষণা করা হয় কিশোর আলোর এই ‘ঐতিহাসিক’ ক্রিকেট টুর্নামেন্টের।