রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কিউট-প্রথম আলো উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা’। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিউট ও কারিগরি সহযোগিতা দিচ্ছে প্রথম আলো। এ ছাড়া বেভারেজ পার্টনার হিসেবে আছে অ্যাকুয়াফিনা।
বিএফডিএফের প্রধান নির্বাহী সদস্য ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফডিএফের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি মাহবুব আলম ও কিউটের সহকারী ব্যবস্থাপক কামরুল হাসান।
আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে শিক্ষার্থীরা নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়। যারা ভবিষ্যতে দেশকে সেবা দেবে। বিতর্কের মাধ্যমে মানুষের বুদ্ধির জড়তা দূর হয় উল্লেখ করে সহ-উপাচার্য বলেন, প্রতিযোগিতায় কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানারআপ হবে। এটা বড় বিষয় নয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই নিজের বুদ্ধির এবং মেধার পরিচয় রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইংরেজি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।