কিউবির ছয় বিদেশি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেডের (কিউবি) বিদেশি ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহাদত হোসেন এই আদেশ দেন।জয়েন্ট স্টক কোম্পানিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পৃথক দুই মামলায় গত ২০ মার্চ ওই কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। গতকাল আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৬ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন: কিউবির চেয়ারম্যান সঞ্জিব আহুজা, পরিচালক ডেমিয়েন রিড, মার্টিন হ্যারিম্যান, পল গ্রেগরি ফ্রাংকলিন, স্টিফেন জেরার্ড অলিভ ও ইমরান হোসেইন।উভয় মামলার অপর দুই আসামি কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস, কোম্পানি সচিব ফয়সাল হায়দার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বলে আদালতে তাঁদের আইনজীবীরা জানান।গত ২০ মার্চ বাংলাদেশে কিউবির ৩০ শতাংশ শেয়ারের মালিক টেলিপোর্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষে কোম্পানি সেক্রেটারি নুরুল আবছার আদালতে পৃথক দুটি নালিশি মামলা করেন। কোম্পানি আইনে করা দুই মামলার একটিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আইন ভঙ্গ করে জয়েন্ট স্টক কোম্পানিতে দেওয়া বিভিন্ন প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়েছেন।অপর মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ২০০৯ সালের ব্যালান্সশিট ও লাভক্ষতির হিসাব অনুমোদন না করিয়েই তা জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেন।