কিছু অংশ স্বাস্থ্য খাতে ব্যয় করতে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিশ্রুত ২০০ কোটি ডলার ঋণের কিছু অংশ স্বাস্থ্য খাতে খরচ করতে চায় বাংলাদেশ। সে জন্য ঋণের শর্ত শিথিল করতে অনুরোধ করা হয়েছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডার সঙ্গে গতকাল শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে একই সঙ্গে মোহাম্মদ নাসিম অনুরোধ করেছেন, বাংলাদেশে নতুন চারটি মেডিকেল কলেজ, একটি ক্যানসার ও একটি বার্ন ইনস্টিটিউট স্থাপনে যেন ভারত সহায়তার হাত বাড়ায়। দুটি অনুরোধই ভারত সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম চার দিনের সফরে ভারতে এসেছেন। গত বৃহস্পতিবার তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পর্কিত ‘গ্লোবাল কল টু অ্যাকশন সামিট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অগ্রগতির কথা বিস্তারিতভাবে জানান। বিশ্বের মোট ২৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে যোগ দিয়েছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থা।
গতকাল মোহাম্মদ নাসিমের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠক করে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, স্বাস্থ্য খাতে ঋণের টাকা ব্যবহার এবং মেডিকেল কলেজ স্থাপনে সহায়তার অনুরোধ ভারত ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র যাতে আরও বাড়ানো যায়, সেটাই ছিল দুই স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকের উদ্দেশ্য।
বাংলাদেশকে প্রতিশ্রুত ২০০ কোটি ডলার ঋণের অর্থ ব্যবহারের শর্ত শিথিল প্রসঙ্গে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, বাংলাদেশের অনুরোধ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা চায় সেই সিদ্ধান্ত ইতিবাচক হোক।