রাজধানীর মধ্য বাড্ডায় নিজ বাড়িতে পিডিবির সাবেক চেয়ারম্যান মুহম্মদ খিজির খান (৬৫) হত্যার আট দিন পরও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, কিছু অগ্রগতি হয়েছে। খুব দ্রুত সুখবর পাওয়া যাবে।
খিজির খানের পারিবারিক সূত্র বলেছে, কিছু অগ্রগতির কথা পুলিশের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে।
৫ অক্টোবর সন্ধ্যায় পরিবারের সদস্যদের বেঁধে রেখে খিজির খানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির দোতলায় রহমতিয়া খানকা শরিফের অজুখানায় এই হত্যাকাণ্ড ঘটে। খিজির খান ওই খানকা শরিফের পীর ছিলেন। হত্যাকাণ্ডের পর সেখান থেকে রক্তমাখা একটি চাপাতি, কয়েকটি গামছা, জটাবাঁধা লম্বা একটি নকল চুলসহ বেশ কিছু আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এই হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে ৬ অক্টোবর রাতে বাড্ডা থানায় মামলা করেন খিজির খানের ছোট ছেলে আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের তিন-চার দিন পর বাড্ডা থানা থেকে তাঁদের বলা হয়, তদন্তে কিছু অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে ওই অগ্রগতির বিষয়টি পুলিশ বিস্তারিতভাবে তাঁদের জানায়নি। এ জন্য তাঁরাও জানতে চাননি।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘নিশ্চিত করে বলার মতো কিছু হয়নি। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। বলার মতো কিছু হলে তা অবশ্যই জানানো হবে।’
বাড্ডা থানার পুলিশের পাশাপাশি সিআইডি ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এই মামলার ছায়াতদন্ত করছে। ডিবির তদন্ত-সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মামলার অগ্রগতি হয়েছে। খুব দ্রুতই ভালো খবর দেওয়া যাবে।