কিছু অনিয়ম হয়েছে: শাহনেওয়াজ
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন, ‘উপজেলা নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে, তা অস্বীকারের সুযোগ নেই। যাদের দিয়ে নির্বাচনী কাজ করিয়েছি, তাঁরা ঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন অনিয়মের ঘটনা ঘটেছে।’ নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শাহনেওয়াজ বলেন, ‘এটা আমাদের স্বীকার করতেই হবে যে কিছুটা হলেও অনিয়ম হয়েছে। অনিয়মগুলো পর্যালোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’ নির্বাচন কমিশনারের দাবি, নির্বাচনে যাঁরা মাঠ পর্যায়ে কাজ করেছেন, তাঁদের কাছ থেকে অনিয়মের বিষয়ে সরাসরি অভিযোগ না পাওয়ায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
শাহনেওয়াজ বলেন, ধাপে ধাপে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা ছিল। তবে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অনিয়মগুলো বেশি চোখে পড়ছে। তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশে কখনোই পুরোপুরি সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও সহিংসতার ঘটনা ঘটেছে। আগের কমিশনারদেরও এ নিয়ে অতৃপ্তি ছিল।
কমিশনার শাহনেওয়াজ বলেন, প্রচলিত আইনে চারটার সময় ভোট গ্রহণ সম্পন্ন হলে তারপর অভিযোগ পেলেও কমিশনের পক্ষে বেশি কিছু করার থাকে না। নির্বাচনের পর গেজেট প্রকাশ করার আগ পর্যন্ত ক্ষমতা দেওয়া হলে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে। এতে কমিশনের শক্তিও বাড়বে।
পঞ্চম ধাপের নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, শতাংশ মুখ্য বিষয় নয়। সুষ্ঠু নির্বাচনই মুখ্য বিষয়। এ ছাড়া কত শতাংশ ভোট পড়েছে, তা এখনই বলা যাচ্ছে না।