১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি যেকোনো মূল্যে বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় অনিয়মের অভিযোগ এসেছে। আমাদের লোকেরাই এসব অনিয়ম করেছে। কিন্তু কঠোরভাবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারদলীয় চেয়ারম্যান, মেম্বার, ডিলার কাউকে ছাড় দেওয়া হয়নি।’ গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন, খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুল ওয়াদুদ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, জেলা প্রশাসক সামসুল আরেফিন প্রমুখ।
খাদ্যমন্ত্রী বলেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রি (খাদ্যবান্ধব কর্মসূচি) জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। ৫০ লাখ দরিদ্র মানুষ এই কর্মসূচির আওতায় চাল পাবেন। কর্মসূচিকে কোনোভাবেই বিতর্কিত হতে দেওয়া হবে না। অনিয়মের অভিযোগে অনেক চেয়ারম্যান, মেম্বার, ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। ৬২ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মোহাম্মদ মাহফুজুল হক বলেন, যেভাবেই হোক, নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করে খাদ্যকে ভেজালমুক্ত করতে হবে। খাদ্য আদালত গঠন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
মো. রুহুল আমীন বলেন, অনেক ক্ষেত্রেই ফসল ও খাদ্য উৎপাদনে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এটি বন্ধ করতে খাদ্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা—সবাইকে সচেতন করতে হবে।