কিছু অসাধু চাল ব্যবসায়ী দুশ্চিন্তা ছড়াচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, ‘বোরোর এ মৌসুমে এলে চালের দাম কমার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অহেতুক দুশ্চিন্তা ছড়াচ্ছেন। তিনি জানান, দেশে বর্তমান খাদ্য পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে।

দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খাদ্যমন্ত্রী আজ সকালে খাদ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেন। পরে হাওর অঞ্চলের বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, হাওর অঞ্চলে মাত্র ছয় লাখ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে। দেশে এবার ১ কোটি ৯১ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। ১০ লাখ মেট্রিক টন বাদ দিলেও অন্তত ১ কোটি ৮০ লাখ মেট্রিক টন থাকবে । তিনি আরও জানান, বোরো ধান সম্পূর্ণ প্রকৃতিনির্ভর, তবে হাওর ও দিনাজপুরে ব্লাস্ট রোগে কিছু ক্ষতি হয়েছে। পরে তাঁর উপস্থিতিতে জেলার ৫১টি চাউল কলের মালিকের ১০ হাজার মেট্রিক টন চালের চুক্তি হয়েছে।
সভায় চাউল কল মালিকেরা সরকারের সহায়তা চেয়ে বলেন, সরকারের সহযোগিতা পেলে তারাও সরকারকে সব রকমের সহযোগিতা করতে চান।
এ সময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. রায়হানুল কবীর, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, চালকল মালিক গ্রুপের সভাপতি সারওয়ার আশফাক আহমেদ, সাধারণ সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, কোষাধ্যক্ষ মো. সাদেকুল ইসলামসহ জেলার চালকল মালিকেরা।