কিছু আইনজীবী প্রচারের জন্য রিট করেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কিছু কিছু আইনজীবী নিজেদের প্রচারের জন্য রিট আবেদন করেন। সম্প্রতি ইবোলা সংক্রমণ প্রতিরোধে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও লিংক রোডে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নতুন ভবন উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মো. নাসিম বলেন, ‘আমি হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কিছু কিছু আইনজীবী আছেন, যাঁরা নিজেদের প্রচারের জন্য এ ধরনের রিট আবেদন করে থাকেন। সরকার কি হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় ছিল?’
ইবোলা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ১৬ অক্টোবর একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ইবোলা ভাইরাস শনাক্ত করতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও সীমান্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী এ সময় ইবোলা সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি ওষুধ শিল্পমালিকদের দরিদ্র মানুষের কথা বিবেচনায় নিয়ে আরও কম খরচে ওষুধ উৎপাদনের অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী দেশে ওষুধশিল্প গড়ে তোলার জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময় দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে বিনিয়োগ করলে উদ্যোক্তারাও লাভবান হবেন। তিনি বলেন, ‘আমাদের ওষুধের মান সারা বিশ্বে সমাদৃত। ৮০টিরও বেশি দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। এই শিল্পকে আরও প্রসারিত করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, মহাসচিব আবদুল মোক্তাদির বক্তব্য দেন। এ ছাড়া সাংসদ নাজমুল হাসান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক দীন মো. নূরুল হকসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।