কিছু আচরণবিধি লঙ্ঘন হচ্ছে: সাখাওয়াত
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন লালমোহন উপজেলা মিলনায়তনে গত শনিবার বিকেল সাড়ে চারটায় দুই প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় রাস্তা দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থিত দুই ট্রাকভর্তি কর্মী ‘নৌকা’ ‘নৌকা’ বলে স্লোগান দিয়ে যাচ্ছিলেন। ট্রাকের মিছিলটি গজারিয়া থেকে আসছিল। অথচ আচরণবিধির ৮-এর ‘ক’তে উল্লেখ আছে—ট্রাক, বাস, মোটরসাইকেল বহর, নৌযান কিংবা ট্রেনে করে কোনো মিছিল করা যাবে না।ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে সরকারদলীয় প্রার্থীর সমর্থকেরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে চলছে। বিষয়টি নির্বাচন কমিশন স্বীকার করলেও এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কারণে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওই দিন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘পথে তোরণ, মোটরসাইকেল মহড়াসহ কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। প্রথমবারের মতো আমি প্রার্থীদের সতর্ক করে দিয়েছি।’শনিবার ৮-১০টি মাইক্রোবাস নিয়ে নির্বাচনী গণসংযোগে নামতে দেখা গেছে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে। তা ছাড়া আচরণ বিধিমালার ১০৯(ঙ)-তে উল্লেখ আছে, প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক বক্তব্য বা কোট-শার্ট, জ্যাকেট, টি-শার্ট ও ফতুয়া ইত্যাদি ব্যবহার করা যাবে না। কিন্তু গতকাল বিকেলে লালমোহন গার্লস স্কুল মাঠে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সম্মেলনে নৌকা ও দলীয় প্রার্থী নুরনবী চৌধুরীর প্রতিকৃতি আঁকা টি-শার্ট পরে নেতা-কর্মীরা যোগ দেন। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে তোরণ: ভোলা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গত শনিবার ভোট চাইতে আসা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে ভোলা সদর থেকে লালমোহনের পূর্বস্থান কুঞ্জেরহাট পর্যন্ত ১৫টি তোরণ নির্মাণ করা হয়। তাঁদের স্বাগত জানাতে বিভিন্ন স্থানে স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়। বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের কাছে কাচিয়া-টবগি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস বাদ রেখে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়। বিদ্যালয়ের শিক্ষক হারানচন্দ্র মণ্ডল জানান, আওয়ামী লীগের নেতা ও স্কুলের সভাপতি আলমগীর মিয়ার নির্দেশে ছাত্রছাত্রীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।স্কুলের সভাপতি আলমগীর মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি, কী হয়েছে। এতে আমার কি জেল-ফাঁসি হবে?’