কোরআন-হাদিস, ইজমা-কিয়াস সম্পর্কে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকায় কিছু ইসলামি বুদ্ধিজীবী যেসব পুস্তক ও গ্রন্থের মাধ্যমে ইসলাম সম্পর্কে তাঁদের মতামত সমাজে তুলে ধরছেন, তাতে ইসলামের মর্যাদা নষ্ট হচ্ছে। সমাজকাঠামোতে নানা ধরনের বিভেদ-বৈষম্য সৃষ্টি এবং মুসলিম উম্মাহর শান্তি বিনষ্ট হচ্ছে। এ জন্য এ বিষয়ে গবেষণার আবশ্যিকতা দেখা দিয়েছে।গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ইসলামিক ফাউন্ডেশন গবেষণা কার্যক্রম জোরদারকরণ এবং ইসলামি প্রকাশনা প্রকল্পের পাণ্ডুলিপি প্রণয়ন’ শীর্ষক এই সভা।সভাপতির বক্তৃতায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, বর্তমান সময়ে কর্ম ও শিক্ষাজীবনে সবাই ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গেছে বলে ইসলামের দাওয়াতে রাসুল (সা.)-এর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।সভায় বক্তারা আরও বলেন, ইসলাম সম্পর্কে সঠিক গবেষণালব্ধ বিষয়গুলো পেতে আরবি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আরবি ভাষায় যেসব মূল্যবান গ্রন্থ রয়েছে, সেগুলো ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুবাদ করে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।বক্তারা আরও বলেন, যথাযথভাবে ব্যাংকিং-ব্যবস্থায় ইসলামি নীতিমালা প্রণয়ন করা গেলে ব্যাংকগুলো ইসলামি শরিয়াহ অনুসারে পরিচালিত হতে পারবে।সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিক বাংলা ভাষায় একটি তাফসির বিশ্বকোষ প্রকাশ করার প্রস্তাব করেন। তথ্য বিবরণী।