
নগরের দু-একটা এলাকায় জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দায়ী করেছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরের সামগ্রিক জলাবদ্ধতা নিরসনের বিষয়টি সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি।
গতকাল সোমবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে মেয়র বলেন, প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নগরবাসীর সহযোগিতায় এই সমস্যা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়া হবে। তবে কবে নাগাদ এই মুক্তি মিলতে পারে তার উল্লেখ করেননি তিনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম অবহিত করার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়।
গতকালের সুধী সমাবেশে সিটি করপোরেশনের সাবেক মেয়র, নগরের চার আসনের সাংসদদের কেউ উপস্থিত ছিলেন না। তবে সংরক্ষিত দুই সংসদ সদস্য সাবিহা মুছা ও ওয়াশিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দুই বছরে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ভিডিও চিত্র তুলে ধরা হয়। এর আগে সিটি করপোরেশনের একটি অ্যাপস উদ্বোধন করেন মেয়র। এর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অটোমেট ইনফোসিসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদুল হাসান।
প্রথম দুই বছরে অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে বলে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রাম নগরের সব সেবা সংস্থার মধ্যে আমিই একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি। তাই নগরবাসীর প্রত্যাশা আমার কাছেই বেশি। আমি কী অঙ্গীকার করেছিলাম তা অবগত আছি। আমি সজাগ ও সচেতন আছি।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অপরিকল্পিত উড়ালসড়ক নির্মাণের কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বহদ্দারহাট উড়ালসড়কের র্যাম্পের (গাড়ি ওঠা-নামার পথ) দুটি পিলার নির্মাণ করা হয়েছে নালার ভেতর। আবার ফলমণ্ডি এলাকায় উড়ালসড়কের (কদমতলী উড়ালসড়ক) পিলারও তৈরি হয়েছে নালার ভেতরে। পানি চলাচলে প্রতিবন্ধকতা হওয়ায় এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। লোকজন সিটি করপোরেশনকে গালি দিচ্ছে।
নগরের জলাবদ্ধতা নিরসনে আরএসের ভিত্তিতে নগরের খালগুলোর সীমানা নির্ধারণ করে দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানান মেয়র। তিনি বলেন, সমন্বয় ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। গত দুই বছরে দায়িত্ব পালনের সময় সিটি করপোরেশনকে দলীয়করণ ও দুর্নীতিমুক্ত রেখেছেন। এই সময়ে কোনো ধরনের স্বজনপ্রীতি ও টেন্ডারবাজি হয়নি।
নগরের সব এলাকা আলোকিত এবং রাস্তা পিচঢালা করার পরিকল্পনার কথা জানান মেয়র। তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে আমূল পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রেও শতভাগ সফলতা আসবে। ঢালাও সমালোচনা না করার আহ্বান জানান মেয়র।
সুধী সমাবেশে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম মেয়রকে জলাবদ্ধতা ও যানজট নিরসনে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
গতকালের সুধী সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ ওয়াশিকা আয়েশা খান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামশুল হক হায়দরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, বিএমএ চট্টগ্রামের সভাপতি মো. মজিবুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন আহমদ, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম মহিলা চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী ও সিডিএর বোর্ড সদস্য স্থপতি সোহেল মাহমুদ শাকুর। সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা প্রমুখ।