কিছু এলাকায় রাতেও গ্যাস ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের কিছু এলাকায় গত বুধবার রাতে মাইকে প্রচার করা হয়েছিল পরদিন বৃহস্পতিবার গ্যাস থাকবে না। অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। যাঁরা শুনেছেন, তাঁরা সতর্ক হয়ে বৃহস্পতিবার ভোরেই কিছু রান্না সেরে নিলেও রেহাই পাননি। মাইকে বেঁধে দেওয়া সময়সীমার পরও দীর্ঘসময় ঘরে গ্যাসের চুলা জ্বলেনি।
যাঁরা শোনেননি তাঁদের ভোগান্তি ছিল চরমে। আবার মাইকিং হয়নি, এমন কিছু এলাকায়ও গ্যাস ছিল না। এমনকি গত শুক্রবারও চুলা জ্বলেছে কম আঁচে।
শুক্রবার মিরপুরের বিভিন্ন এলাকায় খবর নিয়ে এই তথ্য পাওয়া যায়। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি ঘোষণা দিয়েছিল, আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের পশ্চিম পাশের এলাকাগুলোয় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না। কিন্তু বৃহস্পতিবার কিছু এলাকায় গভীর রাতেও গ্যাস আসেনি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
শেওড়াপাড়া জামতলা মসজিদের কাছে মনিপুর স্কুলের উত্তর দিকের কয়েকটি বাড়ির বাসিন্দারা অভিযোগ করেন, তাঁরা মাইকে কোনো ঘোষণা শোনেননি। বৃহস্পতিবার সকালে হঠাৎ গ্যাস চলে যাওয়ার অনেক পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবরটি পড়ে (স্ক্রলে) জানতে পারেন। সন্ধ্যা গড়িয়ে গেলে একটি বাড়ির চারটি পরিবার রাইস কুকার (বিদ্যুতের সাহায্যে রান্না হয়) কিনে আনেন বলে জানা যায়। অপর একটি বাড়ির ছাদে ইট পেতে চুলা বানানো হয়। খবরের কাগজে আগুন ধরিয়ে ভাত-আলু সিদ্ধ করা হয়।
পূর্ব কাজীপাড়ার কয়েকজন বাসিন্দা বলেন, আগের দিন রাতের মাইকের ঘোষণা তাঁরা শুনেছেন। সে অনুযায়ী খুব সকালে দিনের খাবার রান্না করে রাখা হয়। গ্যাস আসে রাত সাড়ে ১১টায়, ৮ ঘণ্টার স্থলে সাড়ে ১৩ ঘণ্টা পর। সেনপাড়া-পর্বতার বাসিন্দা রকিবুল আলম বলেন, তাঁদের বাসায় গ্যাস আসে রাত ২টায়। মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকার সুলতান আহমদসহ কয়েকজন বাসিন্দা এবং ১৪ নম্বর সেকশনের পুরান ভবনগুলোর বাসিন্দারা অভিযোগ করেন, শুক্রবার সকালেও তাঁদের বাসার চুলায় আঁচ কম ছিল।
তিতাস থেকে বলা হয়েছিল, মেট্রোরেল প্রকল্পের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়নের অধীনে এই মেট্রোরেল প্রকল্পের কাজ শুরুর আগে গ্যাসের পাইপলাইন সরানো জরুরি। যদিও বারবার এভাবে পাইপ সরানো বা সংস্কারকাজ চলছে। সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি সংস্কারকাজ চলে। এর আগে শেওড়াপাড়া ফুট ওভারব্রিজের (পদচারী-সেতু) কাছে গ্যাসের পাইপ খুঁজে না পাওয়ায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইন বন্ধ রেখেও কাজ করা যায়নি। তাই আবার করতে হবে।
তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) আলী আশরাফ বলেন, গণবিজ্ঞপ্তি দিয়ে ও মাইকে প্রচার করে গ্যাস না থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। কারিগরি কারণে কিছু এলাকায় দেরিতে গ্যাস আসে।