কিছু কোচিং সেন্টারে কৌশলে পাঠদান
এসএসসি পরীক্ষার তিন দিন আগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা আছে। তবে এই নির্দেশনা না মেনে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ শহরে কয়েকটি কোচিং সেন্টারে নানা কৌশলে পাঠদান চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোচিং সেন্টারগুলো দরজা বন্ধ করে এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করে পাঠদান করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী গত সোমবার থেকে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার কথা। কিন্তু গতকাল ময়মনসিংহ শহরের বাউন্ডারি ও নাহা রোডের দুটি কোচিং সেন্টারকে ভেতর থেকে দরজা বন্ধ করে পাঠদান করতে দেখা গেছে এবং পাঁচ-ছয়টি কোচিং সেন্টারের কার্যালয় খোলা পাওয়া গেছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক এ এস এম আবদুল খালেক বলেন, ‘আমরা গত রোববার সব কোচিং সেন্টার ঘোষিত সময়ে বন্ধ রাখতে বলেছি। কেউ যদি নিষেধ না মানে তাহলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল সকাল ৯টায় বাউন্ডারি রোডে গিয়ে দেখা যায়, কিছু শিক্ষার্থী কয়েকটি কোচিং সেন্টারের সামনে জড়ো হয়েছে। ওই শিক্ষার্থীদের কাছে ‘কেন এখানে এসেছ’, জানতে চাইলে তারা বলে, বন্ধের ঘোষণা না জেনে তারা এসেছে। তবে একাধিক শিক্ষার্থী কোচিংয়ে ক্লাস করেছে বলেও জানায়। ওই সময় বাউন্ডারি রোডের একটি বহুতল ভবনে কয়েকটি কোচিং সেন্টারের সাইনবোর্ড দেখে নিচতলায় গেলে একটি কক্ষে দরজা বন্ধ করে চারজন শিক্ষার্থীকে পড়াতে দেখা যায়। ওই কোচিং সেন্টারের শিক্ষক শিহাব উদ্দিন বলেন, ‘আমি কোচিং করাচ্ছি না। প্রাইভেট পড়াচ্ছি। কোচিং নিষেধ হলেও প্রাইভেট পড়ানো নিষেধ না।’
সকাল পৌনে ১০টায় নাহা রোডে অবস্থিত সানশাইন নামের একটি কোচিং সেন্টারে সরকারি বিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিশুদের পাঠদান করাতে দেখা যায়। শ্রেণিকক্ষে দুজন শিক্ষক থাকলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ওই সময় নিজেকে ওই কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে সম্পৃক্ত দাবি করে শাহীন নামের একজন বলেন, ‘আমরা জানতাম না যে কোচিং বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে।’
ওই দুটি সড়কে বেশ কিছু কোচিং সেন্টারে পাঠদান না করানো হলেও অফিসকক্ষ খোলা দেখা গেছে। একটি কোচিং সেন্টারে নোটিশ বোর্ডে গতকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী শনিবার থেকে ক্লাস চলবে বলে লেখা।
গতকাল সকালে বাউন্ডারি রোড ও নাহা রোডে স্কুলের ইউনিফর্ম পরা অসংখ্য ছেলেমেয়েকে দেখা গেছে। একটি কোচিং সেন্টারের কয়েকজন অভিভাবককে অপেক্ষারত দেখা যায়। এ সময় স্থানীয় অনেকেই অভিযোগ করেন, ওই দুটি সড়কের ছোট ছোট গলিতে একাধিক কোচিং সেন্টারে দরজা বন্ধ করে পাঠদান করানো হয়েছে।