কিছু কোম্পানি ভেজাল ওষুধ বাজারজাত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানিয়েছেন, কিছুসংখ্যক ওষুধ কোম্পানি ভেজাল ও নিম্নমানের ওষুধ বাজারজাত করে দেশবাসীকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিচ্ছে। পাশাপাশি দেশবাসীকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করছে। তবে এ ধরনের কর্মকাণ্ড ও অনিয়ম প্রতিরোধে ওষুধ প্রশাসন অধিদপ্তর সীমিত জনবল নিয়ে তৎপর রয়েছে।জাতীয় সংসদে গতকাল সোমবার সাধনা হালদারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। বিকেল পৌনে পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।মন্ত্রী আরও জানান, বর্তমানে পাঁচ বছরের কম বয়সী প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫৩ জন, কথা বলতে পারে না এমন শিশু প্রতি হাজারে ৪৩ এবং প্রতি হাজারে ৩২ নবজাতক মারা যায়। মহাজোট সরকার গঠনের আগে শিশুমৃত্যুর হার ছিল পাঁচ বছরের নিচে প্রতি হাজারে ৬৫, কথা বলতে পারে না এমন শিশু প্রতি হাজারে ৫২ এবং প্রতি হাজারে ৩৭ নবজাতক।ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী চার বছরে উচ্চতর শিক্ষাসহ প্রশিক্ষণের জন্য ২২০ জন নার্সকে বিদেশে পাঠানো হবে। জাকির হোসেনের প্রশ্নের জবাবে তিনি জানান, অ্যাসিড-আক্রান্ত ও আগুনে পুড়ে যাওয়া রোগীদের দ্রুত চিকিৎসাসেবা দিতে কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট চালুর কাজ চলছে। পর্যায়ক্রমে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হবে।নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, জটিলতার কারণে ১২৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে মংলা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। আন্তর্জাতিক দরপত্রের ভিত্তিতে মালয়েশিয়ার একটি ড্রেজিং প্রতিষ্ঠানকে গত বছরের ১১ সেপ্টেম্বর নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিধি অনুযায়ী, ১০ শতাংশ হিসাবে দুই কোটি ৮০ লাখ টাকা জামানত জমা দিতে কোম্পানিকে অনুরোধ করা হয়। বারবার সময় বাড়ানোর পরও কোম্পানিটি জামানতের টাকা দেয়নি। ফলে কোম্পানিটির ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে।হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চলতি অর্থবছর থেকে ২০১৬-২০১৭ অর্থবছর পর্যন্ত সারা দেশে ৫০০টি পাঠাগার স্থাপন করা হবে। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় ২০১০-২০১১ সাল থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করা শুরু করেছে। এ পর্যন্ত সারা দেশে এক হাজার ৯২০ জন ধর্মীয় নেতা এবং এক হাজার ৮৯০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের পর সংসদে ইসলামিক ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০১৩ পাস হয়। ধর্ম প্রতিমন্ত্রী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।