নির্বাচনে নিজের সুবিধার কথা চিন্তা করে কিছু ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য রোহিঙ্গাদের ভোটার করতে চান বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, নজরদারির অভাবে আগে অনেক রোহিঙ্গাই ভোটার হয়ে গেছেন। অবস্থা এমন হয়েছে যে রোহিঙ্গাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি পর্যন্ত হয়ে গেছেন।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-সংক্রান্ত বিশেষ সভায় এই মন্তব্য করেন শাহাদাত হোসেন চৌধুরী।
রোহিঙ্গাদের ভোটার হওয়ার ঝুঁকি রয়েছে এমন ৩০টি উপজেলার কর্মকর্তাদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। ঝঁকিপূর্ণ উপজেলার মধ্যে কক্সবাজার ও রাঙামাটির আটটি করে এবং বান্দরবান ও চট্টগ্রামের সাতটি করে উপজেলা রয়েছে।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তারা শাহাদাত হোসেন চৌধুরীর কাছে অভিযোগ করেন, কক্সবাজার ও বান্দরবানে রোহিঙ্গাদের ভোটার করতে ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান ও সদস্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করছেন। এর জবাবে তিনি বলেন, যদি জনপ্রতিনিধি, বিশেষ করে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ওপর পুরোপুরি বিশ্বাস বা আস্থা রাখা যেত, তাহলে এত সমস্যা হতো না। যদি দেশকে ভালোবাসেন, তাহলে কোনোভাবেই রোহিঙ্গাদের ভোটার কিংবা নাগরিক করা উচিত হবে না।