কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে থাকতে পারে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

রাজধানী ঢাকায় আজ সকালে ঝলমলে রোদ উঠেছে। তাপমাত্রা খুব একটা বাড়বে না বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েক দিনের বৃষ্টিতে অসহনীয় গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছেন নগরবাসী। কমে এসেছে ডায়রিয়ার প্রকোপও। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র থেকে জানানো হয়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কমেছে।

গরম কমায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও কিছু মৌসুমি ব্যবসায়ী হতাশ। বিশেষ করে বোতলজাত ঠান্ডা পানি, ডাব ও লেবুর শরবত বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে।

পান্থপথ এলাকার শরবত বিক্রেতা বীণা বেগম বলেন, সপ্তাহ দুয়েক আগেও দিনে অন্তত ১০০ গ্লাস পর্যন্ত শরবত বিক্রি হয়েছে। এখন বিক্রি ৩০ গ্লাসে নেমে এসেছে। চা-বিক্রির পুরোনো পেশায় ফিরে যাওয়ার কথা ভাবছেন তিনি।