প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের কিছু জ্ঞানী-গুণী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলে পরিচিত আইনজীবী রয়েছেন, যাঁরা অগণতান্ত্রিক শাসনব্যবস্থায় স্বস্তিবোধ করেন। অগণতান্ত্রিক পন্থায় কেউ ক্ষমতা দখল করলে তাঁদের কদর বাড়ে। তাঁরাই শুধু নাই নাই বলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’শেখ হাসিনা বলেন, এসব ব্যক্তির কোনো জনসমর্থন নেই। নির্বাচনে ভোট পাবেন না। অথচ ক্ষমতায় যাওয়ার খায়েশ রয়েছে। এ কারণেই তাঁরা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় স্বস্তিবোধ করেন না।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে গণভবনে রাঙামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরকারের তিন বছর পূর্তির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছর আর তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে দেশ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এ অবস্থায় সব জঞ্জাল দূর করে গত তিন বছরে দেশের উন্নয়নের চাকাকে আমরা সচল করেছি।’ তিনি বলেন, ‘এ তিন বছরে আমরা যে উন্নয়নের ধারা সূচিত করেছি, মেয়াদের বাকি দুই বছরের মধ্যে জনগণকে দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারব।’আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেত্রীর পুত্রদের ঘুষ, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। তিনি বলেন, যারা দেশের অর্থসম্পদ লুণ্ঠন ও এতিমের টাকা খেয়েছে, তাদের বিচার হতেই হবে। এখানে রাজনীতির কোনো বিষয় নেই। অথচ এটাকে বিরোধী দল রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রমাণ করতে চায়।শেখ হাসিনার সভাপতিত্বে তৃণমূলের মতবিনিময় সভায় সঞ্চালক ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ওই এলাকার বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে তিনি দেশের সব জেলার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলবেন এবং সংগঠনকে শক্তিশালী ও বেগবান করতে উদ্যোগ নেবেন।সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, কাজী জাফরউল্লাহ, মাহবুব উল আলম হানিফ, বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, নূহ-উল-আলম লেনিন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রমুখ।