কিছু টিভির নেতিবাচক সংবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে: তথ্যমন্ত্রী

কিছু টিভি চ্যানেলের নেতিবাচক সংবাদ শান্তির বিঘ্ন ঘটায় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, কিছু কিছু চ্যানেল স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক সময় সংবাদের নেতিবাচক দিক প্রচার করে। বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। সব গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে সরকার সব সময় এমনটা প্রত্যাশা করে। কারণ, স্বাধীনতার সঙ্গে দায়বদ্ধতার বিষয়টি জড়িত। স্বাধীনতার নামে যেসব চ্যানেল অপসাংবাদিকতায় জড়িত, তাদের ক্ষেত্রে আইনি কাঠামোর কোনো দুর্বলতা নেই। একটি স্বাধীন, বহুমুখী দায়বদ্ধ ও দায়িত্বশীল সম্প্রচারব্যবস্থা গড়ে তোলা ও সম্প্রচারমাধ্যমগুলোকে একটি সমন্বিত কাঠামোয় আনতে জাতীয় সম্প্রচারনীতি প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া স্বাধীন সম্প্রচার কমিশন গঠনসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি অন্তর্ভুক্ত করে সম্প্রচার আইন ২০১৬ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত আইনের একটি খসড়াও প্রণয়ন করা হয়েছে।
মোহাম্মদ নোমানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমানে সরকারি খাতে ৭ হাজার ৭৬ মেগাওয়াট ক্ষমতার ১৭টি এবং বেসরকারি খাতে ৩ হাজার ৬৮১ মেগাওয়াট ক্ষমতার ১৪টি বিদ্যুৎকেন্দ্রসহ মোট ১০ হাজার ৭৫৭ মেগাওয়াট ক্ষমতার ৩১টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এগুলো ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।
সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ১ কোটি ৫৬ লাখ। গত ২০১৫-১৬ অর্থবছরে পল্লী বিদ্যুতের নিট লোকসান ছিল ৪৯১ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ৪৭ টাকা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অনুপস্থিতিতে তাঁর পক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রশ্নের জবাব দেন।
ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে বর্তমানে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ৯৫২টি। এর মধ্যে ক্ষুদ্র শিল্পের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৫২১টি, কুটির শিল্পের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ৩২৫টি এবং মাঝারি শিল্পের সংখ্যা ৭ হাজার ১০৬টি।
মন্ত্রী জানান, দেশে কৃষিজাত পণ্য সংরক্ষণে বিশেষ শিল্পনগরী স্থাপনে দুটি সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করেছে। শিগগিরই মাঠপর্যায় পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন করে ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে।