শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে গত নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু আজ কিছু নেতা-কর্মীর কর্মকাণ্ড আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব নেতা-কর্মীদের জন্য জনগণ আমাদের ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিতে পারে।গতকাল শনিবার সকালে ফরিদপুরের বদরপুরের আফছানা ভবন চত্বরে জেলা সদরের পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দলের মধ্যে কোনো গ্রুপিং সহ্য করা হবে না। নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক ভেদাভেদ থাকলে তা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার আহ্বান জানান তিনি।শ্রমমন্ত্রী বলেন, ‘দেশে এমপিওভুক্তির নামে প্রতিবছর সরকারের ১৬ হাজার কোটি টাকা লোপাট হচ্ছে। ছাত্র নেই, অবকাঠামো নেই, অথচ শিক্ষক আছে—এমন প্রতিষ্ঠানকেও এমপিওভুক্ত করা হয়েছে। এ জাতীয় এমপিওভুক্তি আমরা আর করতে চাই না। আমরা শিক্ষার মান উন্নয়ন করতে চাই, শিক্ষকদের নয়।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা খন্দকার মোহতেশাম হোসেন, রণজিৎ ভৌমিক, ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, বাসারুল আলম, বেলায়েত ফকির প্রমুখ।