কিছু নেতা তিলকে তাল করেন: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের রাজনীতিতে কিছু নেতা তাত্ক্ষণিক সুবিধার জন্য তিলকে তাল ও দিনকে রাত করেন।’ আওয়ামী লীগ জঙ্গিবাদের লালন করে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপিই জঙ্গিবাদের লালন করে। আওয়ামী লীগ তা দমন করে। এ কারণে দেশ-বিদেশে আওয়ামী লীগ সরকারের সুনাম রয়েছে। আওয়ামী লীগ সরকারের কিছু ভুলত্রুটি রয়েছে। তবে জঙ্গিবাদ লালন করার এ অভিযোগ হাস্যকর।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ চলছে। ইতিমধ্যে নদীর তীর রক্ষা প্রকল্পে এক হাজার ৪০০ কোটি টাকার কাজ চলছে। সেনাবাহিনী সেতুর স্থানীয় পরামর্শকের দায়িত্বে রয়েছে। দেশের ইতিহাসে সরকারি উদ্যোগে এটি সবচেয়ে বড় বিনিয়োগ। জাজিরা পয়েন্টে অ্যাপ্রোচ রোড নির্মাণে এক হাজার ৮০০ কোটি টাকার কাজ চলছে। মূল সেতুর টেন্ডার ১০ হাজার কোটি টাকা। পদ্মা সেতুর মতো সবচেয়ে বড় বিনিয়োগের টেন্ডারে সময় বৃদ্ধি অস্বাভাবিক কিছু নয়। এরই মধ্যে টেন্ডারে অংশ নিয়েছে তিনটি প্রতিষ্ঠান। যেহেতু বড় প্রকল্প, তাই দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো প্রস্তুতিমূলক কাজের জন্য সময় চেয়েছে।
সেতু নির্মাণে অর্থ কোনো সমস্যা নয় উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের বাজেটেও পদ্মার সেতুর অর্থায়নের বিষয়ে বরাদ্দ (এলোকেশন) রয়েছে। এ ছাড়া আমাদের বাংলাদেশের ব্যাংকে রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলার। সেখান থেকে এক বিলিয়ন ডলার খরচ করলেও বৈদেশিক মুদ্রার সমস্যা সমাধান করতে পারব। বর্ষা শেষে ভাঙা রাস্তার সংস্কারকাজ আবার শুরু হবে। যেগুলো ভেঙে গেছে, সেগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে।’

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পরিদর্শন শেষে রাস্তার ভাঙা অংশ দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।