কিছু প্রশ্ন নিয়ে গ্রিডে আসছে বিবিয়ানার বাড়তি গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের চাহিদা অনুযায়ী মার্কিন কোম্পানি শেভরন হবিগঞ্জের বিবিয়ানা ক্ষেত্র থেকে বাড়তি গ্যাস উত্তোলন ও সরবরাহ শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে এই বাড়তি সরবরাহের উদ্বোধন করবেন। কিন্তু জাতীয় গ্রিডে এই বাড়তি গ্যাস আসছে কিছু গুরুত্বপূর্ণ ও মৌলিক প্রশ্ন নিয়ে।
পেট্রোবাংলাকে দেওয়া বিবিয়ানা ক্ষেত্রের সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদনে শেভরন বলেছে, নতুন কূপ খনন করা না হলে ২০১৮-১৯ সাল থেকে ক্ষেত্রটির উৎপাদন কমতে শুরু করবে। এ অবস্থায় ক্ষেত্রটি থেকে প্রতিদিন কমপক্ষে ১২০ কোটি ঘনফুট (এক হাজার ২০০ মিলিয়ন) গ্যাস তোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে শেভরনের সূত্র জানায়, ২০১৮-১৯ সাল নাগাদ উৎপাদন কমা শুরুর কথা বলা হয়েছে ক্ষেত্রটির যেসব এলাকায় এখন গ্যাস পাওয়া নিশ্চিত (প্রুভেন বা পি-১) তার ভিত্তিতে। কিন্তু এখন যে এলাকা সম্ভাবনাময় (প্রোব্যাবল বা পি-২) কিংবা সম্ভাব্য (পসিবল বা পি-৩) শ্রেণির, সেখানে নতুন কূপ খনন করলে নিশ্চিত এলাকার পরিমাণ ও গ্যাসের উত্তোলনযোগ্য মজুত বাড়বে। বিবিয়ানা অনেক বড় ক্ষেত্র। সেখানে আরও নতুন কূপ করার সুযোগ আছে। কাজেই উত্তোলন বাড়ানো অস্বাভাবিক বা অযৌক্তিক কিছু নয়।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক বদরূল ইমাম প্রথম আলোকে বলেন, এত অল্প সময়ে একটি ক্ষেত্র থেকে এত বেশি উত্তোলন বাড়ানো যেকোনো বিবেচনায় অযৌক্তিক। সরকার বা পেট্রোবাংলা এই সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এর ফলে ক্ষেত্রটির কাঠামোগত ক্ষতি হতে পারে। তার কিছু লক্ষণও দেখা যাচ্ছে। তিনি বলেন, বিবিয়ানার নতুন কূপগুলোর কয়েকটি থেকে গ্যাসের সঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ বালুকণা আসছে। এটা গ্যাসক্ষেত্রের কাঠামোগত ক্ষতির প্রাথমিক লক্ষণ।
বিবিয়ানা ক্ষেত্রে ১২টি কূপ থেকে গ্যাস তোলা হচ্ছিল প্রতিদিন গড়ে প্রায় ৭০ কোটি ঘনফুট। ২০১২ সালে সরকার শেভরনকে ২০১৪ সালের মধ্যে ক্ষেত্রটি থেকে প্রতিদিন ১২০ কোটি ঘনফূট গ্যাস সরবরাহ করতে বলে। সে অনুযায়ী শেভরন ক্ষেত্রটিতে ৫০ কোটি মার্কিন ডলার নতুন বিনিয়োগ করে আরও ১৪টি কূপ খনন করে। এতে ক্ষেত্রটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে দৈনিক প্রায় ১৫০ কোটি ঘনফুট। বর্তমানে ১১০ কোটি ঘনফুটের মতো তোলা হচ্ছে। ডিসেম্বরের শেষ নাগাদ তা ১২০ কোটিতে উন্নীত হবে।
এ ছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি হচ্ছে, প্রতিবছর কোনো ক্ষেত্রের উত্তোলনযোগ্য মজুতের সাড়ে ৭ শতাংশের বেশি গ্যাস তোলা যাবে না। এই বিধান শেভরনের সঙ্গে পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তিতেও (পিএসসি) রয়েছে। প্রশ্ন উঠেছে, বাড়তি গ্যাস উত্তোলন করতে গিয়ে শেভরন ওই বিধান লঙ্ঘন করছে কি না।
এ বিষয়ে জানতে চাইলে শেভরনের সূত্র দাবি করে, তারা ওই বিধান অনুযায়ী বাধ্যবাধকতার মধ্যেই আছে। বাড়তি উৎপাদনের জন্য ওই বিধান লঙ্ঘন করার কোনো সুযোগ তাদের নেই। কারণ, পেট্রোবাংলা ও শেভরনের একটি যৌথ কমিটি বিষয়টি পরিবীক্ষণ করে। সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী বিবিয়ানা ক্ষেত্রের উত্তোলনযোগ্য মজুত কত, তা বলতে রাজি হয়নি সূত্রটি। ওই সূত্রের দাবি, এ তথ্য প্রকাশ করার অধিকার পেট্রোবাংলার কাছে সংরক্ষিত। পিএসসির শর্ত অনুযায়ী তারা সবকিছু পেট্রোবাংলাকে বলে।
পেট্রোবাংলা কিংবা জ্বালানি মন্ত্রণালয়েরও বিষয়টি প্রকাশে অনীহা রয়েছে। বর্তমানে প্রতিদিনের গ্যাস উত্তোলন ও সরবরাহের প্রায় ৫৪ শতাংশ করছে বিদেশি কোম্পানি। বিবিয়ানায় উৎপাদন বৃদ্ধির ফলে জানুয়ারিতে তা প্রায় ৬০ শতাংশে উন্নীত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম তামিম প্রথম আলোকে বলেন, সমস্যা হলো, বিদেশি কোম্পানিগুলো যে পরিমাণ গ্যাস সরবরাহ করছে, তার ৮০ শতাংশ তোলা হচ্ছে একটি ক্ষেত্র—বিবিয়ানা থেকে। তিনি বলেন, দেশে এখন ২৫০ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ হচ্ছে। এর মধ্যে ১০০ কোটিরও বেশি আসছে বিবিয়ানা থেকে। এভাবে একটি ক্ষেত্র বা উৎসের ওপর অত্যধিক নির্ভরশীলতার বিপদ আছে। যদি কোনো কারণে ওই ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হয়, তাহলে পুরো সরবরাহব্যবস্থাই স্থবির হয়ে পড়বে।
প্রধানমন্ত্রীর কর্মসূচি: হবিগঞ্জ প্রতিনিধি জানান, আজ সকাল ১০টায় বিবিয়ানার গ্যাস সরবরাহ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে দুটি বড় বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আধুনিক জেলা স্টেডিয়ামের উদ্বোধনসহ মোট ২৩টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বেলা তিনটায় হবিগঞ্জ জেলা সদরের নিউফিল্ডে আয়োজিত একটি জনসভায়ও প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।