প্রথম আলোয় প্রকাশিত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর লেখা নিবন্ধে টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলা হয়েছে। সিলেটে প্রগতিশীল সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চা ‘টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলন’-এর নেতারা এই অভিযোগ তুলে তার নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার রাতে নগরের একটি রেস্তোরাঁয় এক সভায় নেতারা তাঁর ওই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান।সভায় বলা হয়, টিপাইমুখ বাঁধ নিয়ে ১৩ ডিসেম্বর প্রথম আলোয় নিবন্ধটি প্রকাশিত হয়। এতে টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী জনগণকে ‘মঞ্চ দখলকারী’ ও ‘পল্লবগ্রাহী’ বলে উল্লেখ করা হয়েছে। পুরো লেখায় তুচ্ছতাচ্ছিল্যমূলক ভাষা ব্যবহার করায় আন্দোলনকারীদের জন্য চরম অবমাননাকর হয়েছে বলে দাবি করেন নেতারা। তাঁরা এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। আন্দোলনের সিলেটের আহ্বায়ক বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আরশ আলী, কলমদর আলী, লোকমান আহমদ, এমাদ উল্লাহ, শহিদুল ইসলাম, আবদুল করিম, ওয়েছুর রহমান চৌধুরী প্রমুখ।১ জানুয়ারি বিভাগীয় সমাবেশ: আন্দোলনের পক্ষ থেকে আগামী ১ জানুয়ারি সাম্রাজ্যবাদবিরোধী দিবসে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এতে সিলেট বিভাগের চার জেলাসহ বিভিন্ন উপজেলায় প্রতিরোধ কমিটি ও সমমনা সংগঠনের নেতারা যোগ দেবেন।