কিছু বিলবোর্ডে এখনো সরকারের বিজ্ঞাপন আছে
রাজধানীতে সরকারের উন্নয়ন প্রচারসংবলিত বিলবোর্ডগুলো নামিয়ে ফেলার সিদ্ধান্তের কথা জানানো হলেও অনেক স্থানে এখনো তা দেখা যাচ্ছে।গতকাল মঙ্গলবারও মহাখালী, হোটেল রূপসী বাংলার মোড়সহ কয়েকটি স্থানে কিছু বিলবোর্ড চোখে পড়েছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, রাজধানীর বিলবোর্ড থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলা হলেও বিভাগীয় শহরগুলোয় নতুন করে সরকারের উন্নয়ন প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যেই বিভাগীয় শহরগুলোয় বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচার শুরু হবে। পাশাপাশি পুরোনো ও বড় জেলা শহরগুলোয়ও সরকারের উন্নয়ন প্রচার চলবে। পরে সব জেলা ও উপজেলা পর্যায়ে প্রচারকাজ শুরু হবে। জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যেই ঢাকা শহরের সব বিলবোর্ড থেকে বিজ্ঞাপন নামিয়ে ফেলার কাজ শেষ হবে। আর বিভাগীয় শহরগুলোয় নতুন করে প্রচার শুরু হবে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলবোর্ডগুলো নামিয়ে ফেলার নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিলবোর্ড ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করেই সরকারের বিজ্ঞাপন প্রচার শুরু করা হয়। কিছু ফাঁকা বিলবোর্ডও এ কাজে ব্যবহার করা হয়। ঈদের সপ্তাহ খানেক আগে হঠাৎ করে ঢাকা মহানগরের সব বিলবোর্ডে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার শুরু হয়। তবে সরকারি দল আওয়ামী লীগ বা সরকারের দায়িত্বশীল কেউ প্রকাশ্যে এ বিজ্ঞাপনের দায় স্বীকার করেনি। ফলে গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।