কিছু বিশ্ববিদ্যালয় ন্যূনতম মান অর্জন করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭১টি হলেও কিছু বিশ্ববিদ্যালয় ন্যূনতম মান অর্জন করতে পারেনি। তবে সবার মিলিত চেষ্টায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় উন্নতির পথে অগ্রসর হচ্ছে। এর মধ্যে কিছু বিশ্ববিদ্যালয় সফল হয়েছে।
গতকাল মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় আচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রাজধানীর বসুন্ধরায় নিজস্ব ক্যাম্পাসে ওই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ সময় মোট এক হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেন মন্ত্রী। এর মধ্যে কৃতী শিক্ষার্থী হিসেবে আচার্যের স্বর্ণপদক পান স্নাতকে ইশমাম নাওয়ার, আহনাফ আহমেদ ও কারামা কবির মাইশা এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রিয়াঙ্কা মেহরিন মুসা, তনিমা আহমেদ ও খোজাইমা ফতেহ আলী জিয়াউদ্দিন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলো গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নর্থ সাউথ ইউনিভার্সিটি অল্প সময়ের মধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে। মন্ত্রী গ্র্যাজুয়েটদের চরিত্রবান, নৈতিক গুণসম্পন্ন, গণতন্ত্রমনা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন। বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য আমিন ইউ সরকারের সভাপতিত্বে সমাবর্তনের প্রথম অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ হাসেমসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য। দ্বিতীয় পর্বে সাংসৃ্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।