শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এভাবে বেশি দিন চলতে পারবে না।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় এক লাখ বেশি। তবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে সরকার কোনো পার্থক্য করে না।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. বদরুল ইকবাল প্রমুখ।