কিছু বুঝে ওঠার আগেই 'গ্রেনেড' এসে পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাত ১০টা। গুলশানের ৭৯ নম্বর সড়কে তখন কেবলই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর গণমাধ্যমকর্মীদের ভিড়। মোড়ে দাঁড়িয়ে সবাই বোঝার চেষ্টা করছেন, কয়েকটি বাড়ি পরে লেকের পাড়ের হলি আর্টিজান বেকারিতে কী চলছে। থেমে থেমে গুলির আওয়াজ শোনা গেছে ভেতর থেকে। রাত সাড়ে ১০টার দিকে অবরুদ্ধ বেকারি ভবনটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল পুলিশ ও র্যাবের একটি দল। ছোট একটা হ্যান্ড-মাইক দিয়ে আর্টিজান চত্বরে ঢোকার মুখে দাঁড়িয়ে এক কর্মকর্তা জিম্মিকারীদের বাইরে বেরিয়ে আসতে বলেন।
কিন্তু সেই আহ্বানের জবাবে সন্ত্রাসীরা ভেতর থেকে বোমা (কর্মকর্তাদের মতে, গ্রেনেড) ছুড়ে মারে। সেই সঙ্গে গুলি। পুলিশের কয়েকজন কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়লেন। বাকিরা দৌড়ে পিছু হটলেন। এখানেই আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে মারা যান ডিবির সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান।
দলটিতে থাকা প্রায় সবাই কমবেশি আহত হন। হামলার পর কর্মকর্তারা বেকারির গলি থেকে সরে আসেন। সরিয়ে দেওয়া হয় গণমাধ্যমকর্মী ও অপেক্ষমাণ স্বজনদের। অনেক কর্মকর্তাকে এ সময় বলতে শোনা যায়, ‘সোয়াত টিম কোথায়?’ এ সমস্ত ঘটনা মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট হচ্ছে সোয়াত। এদের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায় রাত ১১টা ১৯ মিনিটে। কর্মকর্তাদের কিছু প্রস্তুতি নিতে দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পর তাঁরাও অপেক্ষমাণ ব্যক্তিদের সারিতে যুক্ত হন।
রাত ১২টার দিকে পুলিশের একজন কর্মকর্তা জানান, রক্তপাত না ঘটিয়ে বিষয়টির সুরাহা করার জন্য ওপর থেকে বলা হয়েছে। রাত একটার দিকে কর্মকর্তাদের ব্যস্ত দেখা গেল ঘটনাস্থলের মানচিত্র তৈরি ও রেস্তোরাঁ ভবনটির খুঁটিনাটি তথ্য নিতে। এ জন্য তাঁরা ওই রেস্তোরাঁ থেকে বের হতে পারা কর্মীদের সাহায্য নিচ্ছিলেন।
রাত দুইটার পর খবর আসে, আইএসের কথিত বার্তা সংস্থা ‘আমাক নিউজ’-এর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, ওই রেস্তোঁরার ভেতরে ২৪ জনকে হত্যা করা হয়েছে। এ খবরে জিম্মিদের অপেক্ষমাণ স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকে কাঁদছিলেন। কেউ অস্থির হয়ে ছোটাছুটি করছিলেন। কর্মকর্তাদের বারবারই জিজ্ঞেস করছিলেন, ‘কী হচ্ছে, ওরা কী চায়?’
রাত দেড়টার দিকে ঢাকা মহানগর ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেনকে আটকে এক মা জানতে চান, ‘আপনারা কী করছেন? ভেতরে আমাদের ছেলেমেয়েরা কেমন আছে?’ আবদুল বাতেন ওই নারীকে আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, ‘ভেতরের সবাই নিরাপদে আছে বলে আমরা মনে করছি।’
রাত যত গড়াতে থাকে, আটকে পড়া ব্যক্তিদের স্বজনদের ভিড় ততই বাড়তে থাকে। তাঁদের মধ্যে অনেক নারী ও বৃদ্ধও ছিলেন।
এর মধ্যেই সেখানে আসেন আর্টিজান বেকারির কর্মী সুমন রেজা। জিম্মিকারীরা রেস্তোরাঁটিতে ঢোকার পর সুমন দোতলার ছাদ থেকে লাফিয়ে বের হয়েছিলেন। বনানীর ৭৮ নম্বর সড়কের মাথায় দাঁড়িয়ে সুমন যখন তাঁর মুক্ত হওয়ার বর্ণনা দিচ্ছিলেন, তখন এক নারী ছুটে এসে জিজ্ঞেস করেন, ‘ভেতরে সবাই ভালো আছে তো? আপনি দেখেছেন তো ওরা ভেতরে কাউকে কিছু করেনি? আমাদের ছেলেমেয়েদের কাছে ওরা কী চায়?’ প্রশ্ন শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সুমন। অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমি কী করে বলব, বলেন? ভেতরে আমারও অনেক সহকর্মী রয়েছেন। তাঁদের কী অবস্থা, তা-ই জানি না।’
এভাবেই কাটে পুরো রাত। সকালে সেনাবাহিনীর কমান্ডোরা অভিযান শুরু করে।