বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, কিছু ব্যবসায়ীর অতি মুনাফার কারণে দেশের মানুষ দুর্ভোগে পড়ে। তবে এবার কোরবানির ঈদে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের ভূমিকাই ছিল বেশি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে পঞ্চম আন্তর্জাতিক নারী ক্ষুদ্র উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম উইমেন চেম্বার (সিডব্লিউসিসিআই) এ মেলার আয়োজন করেছে।চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। রাতে নগরের একটি হোটেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় ফারুক খান বলেন, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামকে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (স্পেশালাইজড ইকোনমিক জোন) হিসেবে গড়ে তুলতে সরকার রেলপথ, সড়কপথ উন্নয়নসহ ফ্লাইওভার নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। বাড়বে কর্মসংস্থান। বিশ্বের অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে উঠবে। ধর্মীয় উৎসব ও পার্বণে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআই সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মনোয়ারা হাকিম আলী। তিনি বলেন, চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ব্যবসার সুবিধার্থে আবাসন ভবন ও স্থায়ী শিল্পপার্ক নির্মাণসহ বিভিন্ন দাবি চার বছর ধরে শিল্প মন্ত্রণালয়ের কার্যালয়ে ফাইলচাপা পড়ে আছে। এ বাধাগুলো অতিক্রম করতে পারলে উইমেন চেম্বার আরও অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডব্লিউসিসিআইয়ের সহসভাপতি ও পঞ্চম আন্তর্জাতিক নারী ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা মেলার চেয়ারম্যান গুলশানা আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ শামছুল হক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহজাবিন মোর্শেদ, ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে আজাদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাওয়ানুল কবীর প্রমুখ। অনুষ্ঠানে আঞ্চলিক গান, বম জাতিগোষ্ঠীর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়। চট্টগ্রাম উইমেন চেম্বারের উদ্যোগে এবং এসএমইর সহযোগিতায় পরিচালিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেন বাণিজ্যমন্ত্রী।