কিছু ভূমিখেকো আছে প্রতিবাদ করলে তারা পেছনে লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে জলাশয়ে সাইনবোর্ড টাঙিয়ে ভূমি দখল করছে। কিছু ভূমিখেকো লোক আছে, যারা ১০ বিঘা জমি কিনে ২০ বিঘা দখল করে। কেউ প্রতিবাদ করলেই তাঁদের পেছনে লাগে।
ভূমি মন্ত্রণালয় পরিদর্শনে এসে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রারম্ভিক বক্তৃতায় এ কথা বলেন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘শক্ত’ হওয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।
‘ভূমিখেকো’দের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘এরা এতই শক্তিশালী—এদের মিডিয়া আছে, পত্রিকা আছে। কেউ প্রতিবাদ করলে, তাঁকে চোর বানিয়ে ছাড়ে। দুঃখজনক, এই মিডিয়া আমরাই দিয়েছি।’
ফসলি জমি ও বনাঞ্চল কেটে যেন শিল্প গড়ে তোলা না হয়, সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের আশা: প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি অনুমোদনে ভারত দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, দুদেশের সীমান্তের মধ্যকার সীমানারেখা টানা ও মানচিত্র তৈরির কাজ এর মধ্যে সম্পন্ন হয়েছে। এখন এ সমস্যা চিরতরে দূর করার জন্য ভারতের লোকসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
শেখ হাসিনা বলেন, মুজিব-ইন্দিরা প্যাক্ট-এর আওতায় বহু আগে এ চুক্তি স্বাক্ষরিত হতো। কিন্তু ১৯৭৫ সালের পর কোনো সরকার এ ক্ষেত্রে কোনো উদ্যোগ নেয়নি। যদিও বাংলাদেশ এ প্যাক্ট স্বাক্ষর হওয়ার পর পর এটি অনুমোদন করে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানারেখা নির্ধারণের উদ্যোগ নেয়। সে সময় ভারতের সঙ্গে সাড়ে ছয় কিলোমিটার ছাড়া প্রায় সব সীমানারেখা চিহ্নিত করার কাজ সম্পন্ন হয়।
ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ‘ডিজিটাইজড’ করার মাধ্যমে ত্রুটিমুক্ত, টেকসই ও জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, এই আধুনিকায়ন যেন ‘যথাযথ’ হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ যাতে থাকার জায়গা পায়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য উপজেলার ‘মাস্টার প্ল্যান’ করা হচ্ছে।
ভূমির মালিকানাকে পার্বত্য চট্টগ্রামের ‘মূল সমস্যা’ হিসেবে চিহ্নিত করে ওই অঞ্চলে ভূমি জরিপের ওপরও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।