প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গি কর্মকাণ্ড থেকে মুক্ত করতে ও উন্নয়ন অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা কামনা করে বলেছেন, মানুষ ধ্বংস চায় না, শান্তি চায়। কিছু মানুষের কারণে দেশের ক্ষতি হবে, তা গ্রহণযোগ্য নয়। খবর বাসসের।
নিজ নিজ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও অনন্য অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় খেতাব স্বাধীনতা পদক-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গতকাল বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধ্বংস ও জঙ্গি কর্মকাণ্ড নয়, আমরা শান্তি ও উন্নয়ন চাই। আমরা চাই, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে এবং এ দেশ দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে যাবে।’ তিনি বলেন, ‘কিন্তু কিছু মানুষ বা কিছু মহল ও দলের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এর ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং অন্যদের করুণায় এগিয়ে যাবে, তা গ্রহণযোগ্য হবে না।’
১৯৭৫–এর পর মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং এ দেশের বীরসন্তানদের আত্মোৎসর্গের ইতিহাস বিকৃত করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সামরিক একনায়ক জেনারেল জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী ও উপদেষ্টা বানিয়ে রাজনীতিতে পুনর্বাসন করেছেন।
শেখ হাসিনা দুঃখ করে বলেন, অতীতে এমন সব ব্যক্তিকে স্বাধীনতার পদক দেওয়া হয়েছে, যারা দেশের স্বাধীনতা চায়নি ও সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে।
এ বছর স্বাধীনতা পদকে ভূষিত বিশিষ্টজনদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী প্রজন্ম পদকপ্রাপ্ত ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করে দেশের উন্নয়নে আরও অবদান রাখবে।
যাঁরা পদক পেলেন: বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকার জন্য কমান্ড্যান্ট মানিক চৌধুরী (মরণোত্তর), ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে নিহত মামুন মাহমুদ (মরণোত্তর), ১৯৭১ সালে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ও মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠনকারী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া (মরণোত্তর), সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক আনিসুজ্জামান, শিল্প-সংস্কৃতিতে অভিনেতা আবদুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে কৃষিবিষয়ক গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হোসেইন মণ্ডল এবং সাংবাদিকতায় সন্তোষ গুপ্ত (মরণোত্তর) এ পদক লাভ করেন।
পদকপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
পদক গ্রহণে অপারগতা: এবার স্বাধীনতা পদকের জন্য বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদেরও নাম ঘোষণা করা হয়েছিল। তবে তিনি এ পদক গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।