কিছু রোহিঙ্গার ভোটার হওয়ার কথা স্বীকার করলেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘এখন পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিস্থিতি দেখছি না। সামনে যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, এ ব্যাপারে ব্যবস্থা নেব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিআইজি নওশের আলী, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, পুলিশ কমিশনার মো. আবুল কাশেমসহ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিইসি কাজী রকিব উদ্দিন ভোটার তালিকা হালনাগাদ, পরিচয়পত্রে ভুল, রোহিঙ্গা ভোটার প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।কিছু রোহিঙ্গা কিংবা বিদেশি নাগরিক ভোটার হয়েছেন—এমন কথা স্বীকার করে রকিব উদ্দিন বলেন, ‘বাংলাদেশের ভোটার পরিচয়পত্রসহ অন্য দেশের নাগরিকেরা পুলিশের হাতে আটক হচ্ছেন, এটা আমাদের জন্য বিব্রতকর। এ ধরনের কেউ যাতে তথ্য গোপন করে ঢুকতে না পারে, সেদিকে সচেষ্ট থাকতে হবে।’