মিলনমেলায় পরিণত ডেইলি স্টার–এর বর্ষপূর্তি
কিছু লোকের হাতে সব সম্পদ বিশ্ব অর্থনীতির মূল সংকট

পৃথিবীর বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা আমূল পাল্টে ফেলার আহ্বান জানালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কিছু লোকের হাতেই সব সম্পদ পুঞ্জীভূত হয়ে যাওয়া আজকের বিশ্ব অর্থনীতির মূল সংকট।
গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দ্য ডেইলি স্টার-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড. ইউনূস এ কথা বলেন। সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠানটি শুরু হয়। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানটি।
অধ্যাপক ইউনূস বলেন, ২০১৫ সালে পৃথিবীর মোট সম্পদের ৮৫ ভাগ ছিল ৮০ জন ধনী লোকের হাতে। অক্সফামের এক পূর্বাভাসে দেখা গেছে, ২০১৬ সালে পৃথিবীর ৯৯ ভাগ সম্পদ চলে যাবে ১ ভাগ লোকের কাছে। আর বাকি ১ ভাগ থাকবে ৯৯ ভাগ লোকের জন্য। সম্পদের এই বৈষম্য এবং কিছু লোকের হাতেই সব সম্পদ পুঞ্জীভূত হয়ে যাওয়া আজকের অর্থনীতির মূল সংকট।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, সারা বিশ্বেই একই পরিস্থিতি। ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবেরা হচ্ছে আরও গরিব। কিছু দেশের মানুষের কাছে সম্পদ আছে। আবার কারও কাছে নেই। জাতিতে জাতিতে সম্পদের এই বৈষম্য বিশ্বের শান্তির জন্যও হুমকি। দেশে দেশে সম্পদের এই বৈষম্য যত বাড়বে, সংঘর্ষও তত বাড়বে। সম্পদের এই বৈষম্যকে থামাতেই হবে। এটা সম্ভব। মানুষই সেটা পারবে।
বর্তমান সামাজিক উদ্যোগের ব্যবসার কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, সামাজিক ব্যবসা সম্পদের বৈষম্য কমিয়ে আনতে সাহায্য করবে। তিনি বলেন, ‘২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলন দেখে আমি অনেক আশাবাদী। রাষ্ট্রগুলো এই চুক্তিতে পৌঁছাতে বাধ্য হয়েছে মানুষের চাপে। আমি মনে করি, মানুষ চাইলেই সম্পদের এই বৈষম্য থামানো সম্ভব। আমরা বাংলাদেশ থেকে সেটা শুরু করতে পারি।’
সম্পদের বৈষম্য দূর করার উপায় দুটি উল্লেখ করে ইউনূস বলেন, অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা বদলাতে হবে। অর্থনীতি ব্যবস্থাটা এমন হতে হবে, যেন সেটা গরিবের জন্য কাজ করে। দরকার হলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে ব্যাংকিং করার অনুমতি দেওয়া যেতে পারে।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর গ্রামীণ ব্যাংক গঠনের কথা স্মরণ করে ইউনূস বলেন, ‘ওই সময় গরিবদের কোনো ব্যাংক টাকা দিতে চাচ্ছিল না। যার কাছে গেছে, সে-ই গরিবদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমরা গ্রামীণ ব্যাংক করে সেটা সম্ভব করেছি। বৈষম্য কমাতে শিক্ষাব্যবস্থার ওপর জোর দিতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে শিক্ষাব্যবস্থা হচ্ছে সেটা মানুষকে চাকরির দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ডেইলি স্টার ২৫ বছর ধরে ভীতি এবং পক্ষপাতিত্ব ছাড়া সাংবাদিকতা করে আসছে। আজকের সাফল্যের পেছনে ডেইলি স্টার-এর পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডেইলি স্টার-এর কর্মীদের পক্ষ থেকে তিনি পরিচালনা পর্ষদের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ডেইলি স্টার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান বলেন, ডেইলি স্টার-এর সাংবাদিক এবং কর্মীরা সততা ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। অভিবাসী শ্রমিক, কৃষক, নারী এবং তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে।
অর্থনীতিবিদ রেহমান সোবহান, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও কো-চেয়ারম্যান জি এম কাদের, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ছাড়াও রাজনীতিবিদ, রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।