মানুষের ধর্মবিশ্বাস থেকে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য সমাজের কিছু ঘৃণ্য চরিত্রের লোক মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভক্তি সৃষ্টি করেছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্রীড়াকক্ষে ‘সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। তিনি উপমহাদেশে সাম্প্রদায়িকতার ঐতিহাসিক বিস্তার সম্পর্কে আলোকপাত করে বিদ্যমান সাম্প্রদায়িক গোষ্ঠীর কর্মকাণ্ড তুলে ধরেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তিনি ১১টি প্রস্তাব তুলে ধরে বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির ব্যাপক বিস্তারের পরে এখনো সময় ফুরিয়ে যায়নি। মুক্তিযুদ্ধ এবং প্রগতির পক্ষের শক্তি যদি এখনো ঐক্যবদ্ধ হয়, তবে এই শিকড় ছিন্ন করা অসম্ভব নয়।’
আলোচনায় অংশ নিয়ে নাট্যকার মামুনুর রশীদ বলেন, জামায়াত-শিবিরের মাত্র ২৫-৩০ জন পিকেটিং করতে রাস্তায় নামলেও তাদের প্রতিরোধ করতে দেশের লাখ লাখ সাধারণ মানুষ রাস্তায় নামে না। রাজনৈতিক দল এবং নেতাদের অবস্থান ঠিক একই রকম। তাই এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে তৃণমূল পর্যায়ের অংশগ্রহণের মাধ্যমে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে।
জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, সাম্প্রদায়িকতাকে বারবার ধর্মের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানকে রাজনৈতিক মিলনের ক্ষেত্রে পরিণত করা হচ্ছে। সংস্কৃতির মধ্যে যে অপরাজনীতি আছে, তা অপসারণ করতে হবে।
জোটের নির্বাহী পরিষদের সদস্য আফজাল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনার শক্তিগুলো একত্র হয়ে আবার এ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু না করলে দেশ পাকিস্তান, আফগানিস্তানে পরিণত হবে। দেশের এ অপশক্তিটি খুবই নগণ্য। তাই ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করা সম্ভব।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউআইটিএসের উপাচার্য কবি মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন।