গণিত বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন
কিছু শিক্ষকের নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী
মাধ্যমিক স্তরে গণিতের দুর্বলতা কাটাতে শিক্ষকের সংখ্যা ও প্রশিক্ষণের ব্যাপ্তি বাড়ানো, পাঠদান ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তনসহ গণিত শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।গণিত শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য গঠিত কমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর জোর দিতে হবে। তবে সবচেয়ে ভালো করে শিখতে হবে মাতৃভাষা বাংলা। শিক্ষকদের আরও গবেষণাধর্মী, পাঠদানে উদার ও ব্রতশীল হওয়ার আহ্বান জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ভালো শিক্ষকদের মধ্যে অনেকেই কোচিং ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁদের কেউ কেউ ক্লাসে ভালো করে পড়ান না, প্রশ্নপত্র করেন না এবং খাতা দেখেন না বলে অভিযোগ আছে। তিনি এসব শিক্ষকের নৈতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি গণিত মানোন্নয়ন কমিটির সুপারিশমালা যথাযথভাবে বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।প্রতিবেদন উপস্থাপন সভায় অন্যদের মধ্যে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, গণিত মানোন্নয়ন কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, যুগ্ম সচিব খন্দকার রাকিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশিদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালউদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে অঙ্ক শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য করণীয় সম্পর্কে সুপারিশ প্রদানের লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যরা ছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও, সিটি কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মনির হাসান, রাজিয়া বেগম, রতন কান্তি মণ্ডল প্রমুখ।