কিছু সংশোধনসহ ভোক্তা অধিকার আইন দ্রুত বাস্তবায়নের দাবি
রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন করে অবিলম্বে এটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আইন পাসের পর গত ১১ মাসেও সেটি কার্যকর না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, বর্তমান আইনটি দিয়ে ভোক্তার স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। কারণ, আইনে অনেক ত্রুটি রয়ে গেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘পণ্যমূল্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। আলোচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটির নানা দুর্বলতা উঠে আসে। যেমন, আইনে ক্রেতা-আদালত গঠন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির সরাসরি মামলা করার আইনি অধিকার দেওয়া হয়নি। ভোক্তাবিরোধী কাজের স্পষ্ট ও বিস্তৃত সংজ্ঞাও এতে দেওয়া হয়নি। বেসরকারি স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ খাতে পরিলক্ষিত ত্রুটি-বিচ্যুতির বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালককে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়নি।এসব দুর্বলতা থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ভোক্তাদের রক্ষা করতে আইনটিকে একটি সূচনা আখ্যা দিয়ে অবিলম্বে এর বাস্তবায়ন চেয়েছেন বক্তারা।ক্যাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এতে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, আর কালক্ষেপণ না করে সরকার পরিবর্তন-পরিমার্জন সাপেক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি দেশব্যাপী প্রয়োগ শুরু করবে। এতে তাঁদের ভাবমূর্তি যেমন সমুজ্জ্বল হবে, তেমনি জনভোগান্তিও লাঘব হবে।’জনকণ্ঠ পত্রিকার উপপ্রধান প্রতিবেদক কাওসার রহমান আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর সরকার বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেছে। আইন হওয়ার পর ১১ মাস পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এটি কার্যকর হয়নি। যদিও এ আইন দিয়ে বাজার নিয়ন্ত্রণ কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এ আইনে পণ্যমূল্যের কোনো কথা নেই। বাজারে যখন-তখন পণ্যমূল্য বেড়ে গেলে তা রোধ করার কোনো ব্যবস্থা এ আইনে নেই। তাহলে এ আইনের মাধ্যমে সরকার কীভাবে বাজার নিয়ন্ত্রণ করবে?মূল প্রবন্ধে বলা হয়, সম্প্রতি চালের দাম বাড়ছে শুধু ব্যবসায়ীদের কারসাজিতে। গত বছর বাম্পার ফলনের কারণে চাল থেকে বেশি ব্যবসা করতে পারেনি। এবার সেটা পুষিয়ে নিচ্ছেন চাল ব্যবসায়ীরা। কৃত্রিম উপায়ে চালের দাম বাড়িয়ে তাঁরা সরকারের চোখের সামনেই দেশের সাধারণ মানুষের পকেট কেটে চলেছেন। গত দুই মাসে চালের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ১০ টাকা পর্যন্ত। চাল ব্যবসায়ীরা মূলত শীতের কুয়াশাকে অজুহাত দেখিয়ে চালের দাম বাড়াতে থাকেন। কুয়াশা চলে গেলেও সেই মূল্যবৃদ্ধি এখনো আছে।আলোচনায় অংশ নিয়ে ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু ভোক্তা অধিকার আইন নয়, ভোক্তার স্বার্থে অনেক আইন আছে, যেগুলোর কোনো প্রয়োগ নেই। কারণ আমাদের দেশে সরকার এসব আইন স্বতঃপ্রণোদিত হয়ে করে না। তারা একরকম চাপে পড়েই আইনগুলো করতে বাধ্য হয়।’ তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে কার্যকর করার সুপারিশ করেন।স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক এ এম জাকির হোসেন বলেন, আইন করে পণ্যের মূল্য বেঁধে দেওয়া যায় না। উত্পাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে। তবে গরিবেরা যাতে কম দামে পণ্য কিনতে পারে, সে জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে।ক্যাবের সভাপতি কাজী ফারুক আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেন। তিনি বলেন, ‘আমরা জেলায় জেলায় ভোক্তা-আদালত করার দাবি জানিয়েছিলাম। আমরা তো আর কিছু করতে পারি না, শুধু দাবিই জানাতে পারি।’মানবাধিকারকর্মী সিগমা হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ঢাকা চেম্বার অ্যান্ড কমার্সের প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান, সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রমুখ আলোচনায় বক্তব্য দেন।