
আমাদের কিছু সমালোচনা থাকতেই পারে। আমাদের সবাই যে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, তা-ও নয়। সবাই যে অসাম্প্রদায়িক চিন্তার মানুষ, সবাই যে স্বচ্ছ, সেই দাবিও করি না। আমাদের মধ্যে এমন অনেকে আছেন, যাঁদের যেভাবে চলা উচিত তাঁরা সেভাবে চলেন না। এসব কারণে প্রধানমন্ত্রীর অনেক বড় বড় অর্জন থাকার পরও কিছুটা হলেও তা ম্লান হয়ে যাচ্ছে। গতকাল রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নগরের প্রেসক্লাব ভবনে বই বিপণিকেন্দ্র বাতিঘরে গতকাল বেলা সাড়ে ১১টায় ‘আসাদুজ্জামান নূর: অভিনয় ও অন্যান্য’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে দেশ, রাজনীতি, সংস্কৃতি, পারিবারিক জীবনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন কবি, সাহিত্যিক, অভিনেতা, শিল্পী, পাঠক, শিক্ষার্থীসহ তাঁর ভক্তরা।
মন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রের চর্চার চেষ্টা করছি। কিন্তু গণতন্ত্র যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল, আমাদের দেশে সেটা হয়নি। কারণ এ দেশে এমন কিছু শক্তি এখনো কাজ করছে, যারা স্বাধীনতাকেই স্বীকার করে না। এখনো সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এ রকম একটি পরিস্থিতিতে গণতন্ত্রের বিকাশ হওয়াটা দুরূহ।
বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, মসজিদের মুয়াজ্জিনকে হত্যা করা হয়েছে। বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে। যাজকদের ওপর হামলা হচ্ছে। কিন্তু মানুষ বসে নেই। মানুষই এখন এসবের প্রতিবাদ করছে। দিনাজপুরে ধর্মীয় অনুষ্ঠানে হামলার পর সাধারণ মানুষ হামলাকারীদের ধরিয়ে দিয়েছে।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, একাত্তরে আমরা সফল হয়েছি। তখন দু-একজন ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে। সাধারণ মানুষ জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করছে না। সরকারও এসব অপকর্ম বন্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। জামায়াত নিষিদ্ধ করা হলে তেমন কোনো সমস্যা হবে না।
বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথামালায় উঠে আসে তাঁর ছেলেবেলা, পারিবারিক জীবন, উত্তরাঞ্চলের মঙ্গা, অভিনয়জীবন। তিনি বলেন, একবার নাগরিক নাট্য সম্প্রদায়ের তৈল সংকট নাটকের মহড়ায় ঘুষি মারতে গিয়ে অভিনেতা আবুল হায়াতের নাক ফাটিয়ে দেয় একজন। তারপর অভিনেতা আলী যাকের বললেন, নূর ওই রোলে (চরিত্রে) অভিনয় করতে পারবে। যদি আবুল হায়াতের নাক না ফাটত, তাহলে হয়তো আমার সুযোগ হতো না।
অভিনয়জীবন সম্পর্কে আসাদুজ্জামান নূর বলেন, আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। কখনো কারও সঙ্গে জুটি গড়তে চাইনি। আমি চোর, ডাকাত, খুনি জমিদার, ভালো মানুষ ইত্যাদি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বৈচিত্র্য আনতে চেয়েছি। কখনো রোমান্টিক জুটি গড়ার চেষ্টা করিনি। কথাসাহিত্যিক হুরমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়কে জীবনের একটি টার্নিং পয়েন্ট হিসেবে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, হুষমায়ূন আহমেদ তরুণদের বইমুখী করেছেন। তাঁর অনেক লেখা নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে তরুণদের বইয়ের প্রতি আকৃষ্ট করার অবদান তাঁকে দিতে হবে।
বাকের ভাই খ্যাত এই অভিনেতা হুলমায়ূন আহমেদের বিখ্যাত নাটক কোথাও কেউ নেই নিয়েও কথা বলেন। এই নাটকে অভিনয় করতে গিয়ে তাঁর জীবনের একটা প্রাপ্তির ঘটনাও উপস্থিত দর্শকদের জানান। তিনি বলেন, যেদিন এই নাটকের শেষ পর্ব দেখানো হয়েছে, তার পরদিন তাঁর ভারতের বম্বে (মুম্বাই) যাওয়ার কথা। নাটক শেষ হওয়ার পর রাত সাড়ে ১২টায় তাঁর বাসার দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন। খুলে দেখেন এক তরুণ, তাঁর সঙ্গে ১৪ বছরের এক কিশোর। পুরান ঢাকা থেকে এসেছে। তরুণটি বললেন, ‘আমার ছোট ভাই কোনোভাবে বিশ্বাস করছে না আপনি মারা যাননি। ওটা অভিনয় ছিল। তাই আপনি বেঁচে আছেন সেটা দেখাতে নিয়ে এলাম।’
কবি ও সাংবাদিক ওমর কায়সারের সঞ্চালনায় কথামালার শুরুতে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়। অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।