কিছু সাংসদের ভাষার কারণে সংসদের পরিবেশ নষ্ট হচ্ছে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, কিছুসংখ্যক সাংসদের ভাষার কারণে সংসদের পরিবেশ নষ্ট হচ্ছে। সংসদের এমন পরিবেশ ধীরে ধীরে দেশের পরিবেশ নষ্ট করে। মানুষ সাংসদদের প্রতি আস্থা রাখতে পারে না। স্পিকার গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ‘৯ম জাতীয় সংসদে নারী নেতৃত্ব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হুইপ সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার শওকত আলী, হুইপ মুজিবুল হক, সাংসদ রহমত আলী, রাশেদা বেগম, রওশন আরা সাথী, আসমা জেরীন প্রমুখ। নারী সাংসদদের তথ্যসংবলিত এ বইটি সম্পাদনা করেছেন আবুল খায়ের উজ্জ্বল।স্পিকার বলেন, ‘আমাকে সামনে রেখে অনেকে এমন ভাষা ব্যবহার করেন, যাতে আমি নিজেই লজ্জিত বোধ করি। সংসদে বিরোধী দল এবং সরকারি দল একে অপরের বিরুদ্ধে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ কেউ এমন ভাষা ব্যবহার করেন, যার কারণে সংসদের পরিবেশ নষ্ট হয়। ত্রুটি ধরিয়ে দেওয়ার বদলে অশালীন ভাষায় বক্তব্য দেন। যা দেশের মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলে।’স্পিকার সব সাংসদকে উদ্দেশ্য করে বলেন, সাংসদেরা যদি নিয়মিত নিজেদের এলাকার খোঁজখবর রাখেন, তাহলে টেন্ডারবাজিসহ সব অপকর্ম বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু অনেকেই এ ব্যাপারে উদাসীন। ফলে অনাহূত সংকট তৈরি হয় অনেক সময়।অনুষ্ঠানে উপস্থিত নারী সাংসদদের উদ্দেশ্যে স্পিকার বলেন, ‘আপনারা নিজেই নিজের ভরসা হোন। নির্ভরশীল হবেন না। প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীও নিজেদের যোগ্যতায় আজ এ পর্যন্ত এসেছেন।’