কিছু সড়ক বন্ধ, দীর্ঘ যানজট

উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হোসেন। গতকাল শুক্রবার সকালে ক্লাস করতে গিয়েছিলেন তিনি সেখানে। ক্লাস শেষে বাসে করে মিরপুরের বাসায় ফিরছিলেন রিফাত। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী বাসটি বিমানবন্দর চত্বরে আটকে দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিমানবন্দর ত্যাগ করার পর বেলা পৌনে ১টার দিকে সিগন্যাল ছেড়ে দেওয়া হয়।
তবে ততক্ষণে বিমানবন্দর চত্বরের পূর্ব পাশ থেকে যানজট ছড়িয়ে পড়ে টঙ্গী সেতু পর্যন্ত। একইভাবে খিলক্ষেতের পশ্চিমাংশে সড়কের যানজট দীর্ঘ হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত।
এভাবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রায় পুরো ঢাকা শহরেই ট্রাফিক সিগন্যালে আটকে থাকে হাজারো যানবাহন। এ কারণে দুর্ভোগে পড়ে নগরবাসী। সন্ধ্যার দিকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
বেলা দুইটা থেকে উড়ালসেতু, কুড়িল উড়ালসেতু, বনানী, মহাখালী, বিজয় সরণি এলাকার সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন সিগন্যালে প্রায় ঘণ্টা খানেক সাধারণ যানবাহনগুলো আটকে রাখা হয়। আবার বিকেল পাঁচটার পর লা মেরিডিয়ান হোটেল থেকে বঙ্গভবন পর্যন্ত সড়কে যান চলাচল সীমিত করে দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে এসব সড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়। আর এতে করে যানজট রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়ক থেকে আশপাশের গলিতেও ছড়িয়ে পড়ে।
যদিও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর উপলক্ষে শুক্রবার সকাল ১০টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দর সড়কের খিলক্ষেত ক্রসিং থেকে মুনমুন কাবাব (পদ্মা অয়েল) ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম অংশ বন্ধ রাখা হবে। এ সময় এই সড়কের পূর্ব অংশ দিয়ে যানবাহন চলাচল করবে। অবশ্য এ সময় ওই সড়কে দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করতে পারবে না। এসব ভারী যানবাহনকে বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা-সম্পর্কিত এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অতিথির বাংলাদেশ সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে পরদিন ১৫ অক্টোবর শনিবার সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দর সড়কে খিলক্ষেত ক্রসিং থেকে মুনমুন কাবাব (পদ্মা অয়েল) ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম অংশ (আউটগোয়িং) বন্ধ রেখে পূর্ব অংশ দিয়ে গাড়িগুলোর আসা-যাওয়া চালু রাখা হবে। এ সময় ঢাকামুখী দূরপাল্লার বাস ও ট্রাক আবদুল্লাহপুর দিয়ে বিমানবন্দর সড়ক ব্যবহার করে ঢাকায় প্রবেশ করতে পারবে না। এর পরিবর্তে এসব যানবাহনকে আবদুল্লাহপুর ও ধউর থেকে বেড়িবাঁধ-মাজার রোড অথবা গাবতলী রোড ব্যবহার করতে বলা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।