কিছু 'ফসিল' মন্ত্রী, আমলা দিয়ে দেশ চালানো যায় না: সুরঞ্জিত
কিছু ‘ফসিল’ মন্ত্রী, অসাধু ব্যবসায়ী ও আমলা দিয়ে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
গতকাল শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ মন্তব্য করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘একটি সরকার যতই দক্ষ হোক, ম্যাকানাইজড হোক, তার মূল চালিকাশক্তি হলো সংগঠন। সংগঠন শক্তিশালী না হলে সরকার ঠিকভাবে চলে না। দলকে সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার জন্য কর্মীদের কাজে লাগাতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী যাকে বিশ্বস্ত মনে করেন, তাকে দিয়েই এ কাজ করাতে পারেন।’ তিনি বলেন, ‘আমাদের তরুণ নেতা সজীব ওয়াজেদ জয় সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী হচ্ছেন, এতে আমরা খুবই আশাবাদী। আশা করি, তিনি (জয়) জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবেন—এটাই আমাদের বিশ্বাস।’
অর্থ পাচারে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে—এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংককে আটঘাট বেঁধে মাঠে নামতে হবে। আমার জানামতে, সরকার এ বিষয়ে কঠোর হচ্ছে।’ তিনি বলেন, প্রয়োজনে মানি লন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করতে হবে। দেশ থেকে শুধু টাকা যাচ্ছে না, আসছেও। এ জন্য সন্ত্রাসবিরোধী যে আইন আছে, সেটা সংস্কার করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, ফয়েজ উদ্দিন মিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।