কিছুই করা হলো না তাঁর
চাকরিতে যোগদান, বিয়ের পিঁড়িতে বসা কিছুই করা হলো না কুড়িগ্রাম সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মমিনুলের। গত ১৬ মার্চ কুড়িগ্রাম কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। বাড়ি তাঁর উলিপুর পৌর শহরের জোনাইডাঙ্গা গ্রামে।গতকাল বৃহস্পতিবার মমিনুলের বাড়িতে গিয়ে দেখা যায়, বিধবা মা মমেনা বেগমকে (৫০) স্যালাইন দিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর পর কেঁদে ওঠেন আর বলেন, ‘তোমরা আমার সোনার মানিকরে আনি দেও।’ মমিনুলের ছোট ভাই এনামুল ও বোন শেফালী বেগম ভাইয়ের কবরের পাশে বসে বিলাপ করছেন।এক মাস আগে মমিনুলের বিয়ের কাবিন হয় চিলমারী উপজেলায়। বধূ সেলিনা বেগম এসেছেন মমিনুলের বাড়িতে। বাকরুদ্ধ সেলিনার চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে।মমেনা বেগম বলেন, ‘ছেলে বলেছিল ১৬ মার্চ বাড়িতে এসে নতুন ঘর তুলবে। এরপর ২৪ মার্চ বরিশালে ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা পদে যোগ দিতে যাবে। ফিরে এসে নতুন বউকে ঘরে তুলবে। বাপ মোর ফিরে এল, কিন্তু লাশ হয়ে।’ছোট ভাই এনামুল জানান, ভাই ছিলেন তাঁর বেঁচে থাকার প্রেরণা। টিউশনি করে তাঁর এবং ছোট বোনের লেখাপড়ার খরচ জোগাতেন মমিনুল। তিন ভাইবোনের মধ্যে মমিনুল ছিলেন বড়। বাবা আছর উদ্দিন মারা যান ২০০১ সালে।