কিছুই জানেন না কমিটির সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন কমিটির খোদ সভাপতি। তিনি বলেছেন, কমিটির সভাপতি হলেও তাঁকে কিছুই জানানো হচ্ছে না। যাচাই-বাছাই কার্যক্রম চালানো হচ্ছে কমিটির বাইরের লোকজন দিয়ে।

যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মণ্ডল গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমি সভাপতি, অথচ যাচাই-বাছাই হচ্ছে এর কিছুই জানি না। আমাকে জানানো হয়নি। সভাপতিকে বাদ দিয়ে কীভাবে যাচাই-বাছাই কার্যক্রম বৈধতা পাবে?’
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহম্মদপুরে মুক্তিযোদ্ধারা দুই ভাগে বিভক্ত। একপক্ষ বর্তমান কমান্ডার আলী রেজার সমর্থক। অন্য পক্ষের নেতৃত্বে আছেন ডেপুটি কমান্ডার আবদুল হাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়া ছাড়াও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে আসছে। চলতি বছর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হলে এ বিরোধ নতুন মাত্রা পায়। প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে আবদুর রাজ্জাক মণ্ডলকে যাচাই-বাছাই কমিটির সভাপতি করা হয়। কিন্তু তাঁকে কোনো পক্ষই এখন পাত্তা দিচ্ছে না। কারণ, আবদুর রাজ্জাক কোনো পক্ষের সমর্থক নন; আবার তাঁর নিজের কোনো পক্ষও নেই।
আবদুর রাজ্জাক মণ্ডল অভিযোগ করে বলেন, উপজেলায় মুক্তিযোদ্ধারা দুই ভাগে বিভক্ত। তাঁদের কোন্দলের কারণে সবাইকে খেসারত দিতে হচ্ছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হচ্ছে কমিটির বাইরের লোকজন দিয়ে। তাঁকে ডাকাই হচ্ছে না।
তবে অভিযোগ অস্বীকার করে যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, অভিযোগ সঠিক নয়। কমিটির কার্যক্রমের সব বিষয়েই তাঁকে (সভাপতিকে) জানানো হয়। মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ইউএনও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে মহম্মদপুরে ৭০০ জন অনলাইনে আবেদন করেন। গত ২১ জানুয়ারি সাক্ষাৎকার শুরু হয়। তবে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১৩ ফেব্রুয়ারি ওই কার্যক্রম বন্ধ করে দেয়। দ্বিতীয় দফায় গত শুক্রবার এ কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু এদিন মুক্তিযোদ্ধাদের বিবদমান দুই পক্ষের হাতাহাতি ও মারমুখী
অবস্থানের কারণে যাচাই-বাছাই ভেস্তে যায়।
এদিকে মহম্মদপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে সম্প্রতি হাইকোর্টে একটি রিট করেন মুক্তিযোদ্ধা আবু আইয়ুব বিশ্বাস। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তিন মাসের জন্য যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করেন। তবে আদেশের কপি হাতে না আসায় ইউএনও রওশন ইসলাম শুক্রবার বলেছিলেন, শনিবার থেকে যাচাই-বাছাই কমিটির কার্যক্রম শুরু করবেন।
রওশন ইসলাম গতকাল সকালে বলেন, হাইকোর্টের রায়ের কপি তাঁদের কাছে পৌঁছেছে। ফলে যাচাই-বাছাইয়ের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।