কিছুই বের করতে পারেনি পুলিশের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে কারা অপহরণ করেছিল, তা শনাক্ত করতে পারেনি পুলিশের তদন্ত কমিটি। শুরুতে এ ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেলেও কমিটি তা প্রমাণ করতে পারেনি। গতকাল মঙ্গলবার কমিটির প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামে অপহূত হন ব্যবসায়ী মৃদুল চৌধুরী। এর ছয় দিন পর ১৭ ফেব্রুয়ারি অপহরণকারীরা তাঁকে কুমিল্লার বুড়িচং কংস বাজারের কাছে ফেলে যায়। ফিরে আসার আগেই পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, র‌্যাব-পুলিশ পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
পত্রপত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ২ মার্চ পুলিশ সদর দপ্তর থেকে এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। পরে মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়।
কমিটির প্রধান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, মৃদুল চৌধুরী অপহরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি যে অপহূত হয়েছিলেন, সেটা সত্য। র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, র‌্যাব ও ডিবি অফিসের সব রেজিস্ট্রার ও সিসি ক্যামেরা পর্যালোচনা করে তাদের সম্পৃক্ততা মেলেনি।
র‌্যাবের মেজর রকিবুল আমিনের বিরুদ্ধে স্বর্ণ লুটের মামলা করার কারণে তিনি অপহূত হয়েছিলেন কি না, জানতে চাইলে বনজ কুমার বলেন, তদন্ত কমিটি রকিবুল আমিনের বক্তব্য নিয়েছে। র‌্যাব-২-এর পরিচালকের সঙ্গেও কথা বলেছে। তিন পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে আট সাক্ষীর বক্তব্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে মৃদুল চৌধুরী, রকিবুল আমিন, মৃদুলের দোকান কর্মচারী ঝুনু সাহাও আছেন।
অপহরণকারী শনাক্ত না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মৃদুল চৌধুরী বলেন, ‘ছয় দিন আমার চোখ ও হাত বাঁধা ছিল। আমি অপহরণকারীদের চিনতে পারিনি।’
তদন্তে ধীরগতি: এ মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। অপহরণের আগে মৃদুল চৌধুরী ঢাকার সিএমএম আদালতে র‌্যাবের রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে ৮০ ভরি স্বর্ণ লুট করার মামলা করেন। সেই মামলার তদন্তেও অগ্রগতি নেই।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মৃদুল চৌধুরীর জবানবন্দিতে উঠে আসা বিভিন্ন স্থানের সূত্র ধরে অপহরণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।