কিছুক্ষণ এই ক্লাসে কিছুক্ষণ ওই ক্লাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি তিনটি শ্রেণিকক্ষ। দুটিতে শিক্ষক আছেন, আরেকটিতে নেই। কিছুক্ষণ পরপর শিক্ষকেরা পালা করে ছুটছেন ওই ফাঁকা শ্রেণিকক্ষে। শিক্ষক-সংকটে এভাবে চলছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার চুয়ামনিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত বৃহস্পতিবার সকালে চুয়ামনিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষক ছাড়াই দুটি কক্ষে ক্লাস হচ্ছে। এ সময় মাঠের এদিক-ওদিক ছোটাছুটি করছে কয়েকজন শিক্ষার্থী। শিক্ষক এ সময় ছুটে এসে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যেতে বললেন। ওই শ্রেণিতে কিছুক্ষণ পড়ানোর পর শিক্ষক আবার গেলেন পাশের শ্রেণিকক্ষে। এভাবে পালা করে তিনি পড়াচ্ছেন প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণিতে। শিক্ষক না থাকায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস দুপুরের পালায় হচ্ছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিমু রানী বলে, ‘স্যার আমাদের পড়া দিয়ে অন্য ক্লাসে গ্যাছেন। ওদের ক্লাস নিয়ে তারপর আবার আমাদের ক্লাস নিবার আসবে।’
বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান আলী বলেন, তাঁরা দুজন শিক্ষক মিলে সকালের পালায় তিনটি ক্লাস সামলান। এক ক্লাসে পড়া দিয়ে অন্য ক্লাসে যান। আবার সেখানে পরের দিনের নতুন পড়া দেন। এভাবে সারা দিন দৌড়ান।
শাহজাহান আরও বলেন, ১৯৭৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। এখন শিক্ষার্থীর সংখ্যা ১৩৮ জন। ২০১২ সালে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে অন্য বিদ্যালয়ে প্রেষণে পাঠানো হয়। কিন্তু তিনি পরে সেখানেই স্থায়ী হয়ে গেলে আর এ বিদ্যালয়ে ফিরে আসেননি। এদিকে এ বছরের জুন থেকে আগস্ট মাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক অবসর নিলে বিদ্যালয়টি শিক্ষক-সংকটে পড়ে। পরে রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁকে ওই বিদ্যালয়ে প্রেষণে পাঠানো হয়। কয়েক মাস তিনি একাই বিদ্যালয়ের সব ক্লাস নেন। এরপর সেপ্টেম্বর মাসের শেষ দিকে শিক্ষক আশুতোষ কুমার ঝাঁকে প্রেষণে এখানে পাঠানো হয়।
বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ কুমার ঝাঁ বলেন, শিক্ষক কম থাকায় ক্লাস ঠিকমতো পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে। এতে বিদ্যালয়ের ফলাফলও ভালো হচ্ছে না। শিক্ষক-সংকটের কারণে বিদ্যালয়ের প্রি-প্রাইমারি (শিশু) শ্রেণির পাঠ বন্ধ করে দেওয়া হয়েছে।
একই অবস্থা পাশের রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ১৬৬ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন দুজন শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা ওবায়দুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক গড়ে ২৭টি ক্লাস নিতে হয়। চারজন শিক্ষক দিয়ে এত ক্লাস পরিচালনা করা কষ্টকর। সেখানে মাত্র দুজন শিক্ষককে ২৭টি ক্লাস নিতে হয়। তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষকও নেই। তাই দপ্তরের সব কাজ তাঁদের ভাগাভাগি করে করতে হয়। কখনো ক্লাসে, আবার কখনো দপ্তরে এভাবেই দিন কাটে আমাদের।’
শিক্ষিকা খাদিজা তাহের বলেন, ‘কিছুক্ষণ এ ক্লাসে, আবার কিছুক্ষণ ও ক্লাসে, এভাবেই কোনোরকমে চালিয়ে নিচ্ছি। এভাবে পড়াতে গিয়ে আমাদেরও কষ্ট হয়। এ সমস্যায় তাঁদের দুই পালায় বিদ্যালয় চালাতে হচ্ছে।’
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ে পড়ালেখার তেমন কিছুই হয় না। চিৎকার-চেঁচামেচিতে সময় পার হয়ে যায়। শিক্ষক যে ক্লাসে ঢোকেন, সে ক্লাসে চেঁচামেচি বন্ধ হয়। বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার চেঁচামেচি শুরু হয়ে যায়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার বলেন, শিক্ষক-সংকট থাকায় বিদ্যালয়গুলোতে পড়ালেখা ব্যাহত হচ্ছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।