কিছুদিনের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার যেনতেনভাবে নয়, আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধের বিচারের কাজ শেষ করবে। বিচারপ্রক্রিয়া শুরুর সব ব্যবস্থা শেষ পর্যায়ে এসেছে। কিছুদিনের মধ্যেই বিচারিক ট্রাইব্যুনাল গঠন করা হবে।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মহানগর ১৪ দলের এক সভায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।এ সময় শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, পরবর্তী সময়ে তারাই দীর্ঘদিন এ দেশ শাসন করেছে। ধর্ম নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে।শিল্পমন্ত্রী বলেন, সরকার কোনো দলকে নয়, মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচার করতে চায়। কিন্তু এই বিচার ঠেকাতে যুদ্ধাপরাধীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারাই পিলখানা, রাজশাহী, বাঘাইছড়িতে অপকর্ম ঘটিয়েছে।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সতর্ক হতে হবে।সাম্যবাদী দলের নগর সভাপতি হারুন চৌধুরীর সভাপতিত্বে সভায় ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য এম এ গনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংসদ আসলামুল হক প্রমুখ বক্তব্য দেন।চীনে মহাজোটের প্রতিনিধিদল: চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মহাজোটের একটি প্রতিনিধিদল গত পাঁচ দিন চীন সফর করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে সফরকারী দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিদলের নেতা নির্বাচিত করা হয়েছে।আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার বলা হয়েছে, বাংলাদেশের প্রতিনিধিদল ইতিমধ্যে চীনের কমিউনিস্ট পার্টি ও সার্কভুক্ত বিভিন্ন দেশ থেকে যাওয়া রাজনৈতিক নেতাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। ১৯ মার্চ প্রতিনিধিদল দেশে ফিরবে।