কিডনি ইনস্টিটিউটে ঠিকাদারদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ
রাজধানীর শেরেবাংলা নগরের কিডনি ডিজেজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার দুপুরে দরপত্র কিনতে আসা ঠিকাদারদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, ১ অক্টোবার থেকে চিকিৎসা সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্যাদি কিনতে কিডনি ইনস্টিটিউট কর্তৃপক্ষ উন্মুক্ত দরপত্র আহ্বান করে। কিন্তু শুরু থেকেই ঠিকাদার নামধারী একদল সন্ত্রাসী এ দরপত্র কিনতে ঠিকাদারদের বাধা দিয়ে আসছে। অনেক ঠিকাদারই দরপত্র কিনতে হাসপাতালে ঢুকতে পারছেন না। গতকাল দুপুর একটার দিকে হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা একটি দরপত্র বিক্রি করেন। এ খবর পেয়ে ঠিকাদার নামধারী সন্ত্রাসীরা অফিসকক্ষে ঢুকে হামলা চালায় এবং হাসপাতালের অফিসের দায়িত্বশীল দুই কর্মীকে লাঞ্ছিত করে। পরে তারা দরপত্র কিনতে আসা ঠিকাদারদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে কিডনি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফিরোজ খান তাঁর মোবাইল ফোন ধরেননি। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, একপক্ষ দরপত্র কিনতে গেলে অপরপক্ষ হামলা চালায়। এতে সংঘর্ষ বাধে। দুই পক্ষই ছাত্রলীগের নামে পেশি শক্তি প্রদর্শন করে।