কিডনি ইনস্টিটিউটে বিনা মূল্যে রোগ পরীক্ষা
সায়মা আক্তারের পায়ে পানি জমেছে কয়েক দিন ধরে। তিনি তাঁর এ সমস্যার কথা বুথে থাকা বিশেষজ্ঞ চিকিৎসককে জানালে পরীক্ষা করার জন্য একটি ব্যবস্থাপত্র লিখে দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালের ৩৩৮ নম্বর কক্ষে কিডনি রোগ আছে কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংক কলোনি থেকে এসেছেন রাসেল। তাঁর বয়স ২৭। তিনি তাঁর সমস্যার কথা বললে বুথে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকেও একটি ব্যবস্থাপত্র লিখে দেন। তিনি ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতালের ভেতরে নির্দিষ্ট কক্ষেÿচলে যান পরীক্ষা করাতে।
এভাবেই ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে বিনা মূল্যে কিডনি রোগ পরীক্ষা ও সেবা দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের প্রাঙ্গণে একটি বুথ স্থাপন করে তিন দিন ধরে সেবাপ্রত্যাশীদের এ চিকিৎসাসেবা দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে কিডনি পরীক্ষার এ সুযোগ দেওয়া হয়েছে। বুথে চিকিৎসাসেবা নিতে আসা বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী সন্তুষ্ট বলে জানান। গতকাল বৃহস্পতিবার ছিল সেবা প্রদানের শেষ দিন। তিন দিনে প্রায় ৯০০ রোগীকে বিনা মূল্যে সেবা দেওয়া হয়েছে।
বুথে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে নেফ্রোলজি, শিশু নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের পাঁচ-ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনা মূল্যে কিডনি রোগ পরীক্ষার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। তাঁরা প্রতিদিন সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত এ সেবা দেন। বুথে অবস্থানরত ইউরোলজি বিভাগের ডা. সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা সেবাপ্রত্যাশীদের কাছে রোগের বর্ণনা শুনে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়ে দিই। তাঁদের এ পরীক্ষা করার সুযোগ বিনা মূল্যে দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক অধ্যাপক নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বছরই প্রথম এ ধরনের বিনা মূল্যে সেবামূলক কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রমের শেষ দিনে প্রায় দেড় শ সেবাপ্রত্যাশী তাঁদের প্রয়োজনীয় সেবা নিয়েছেন। প্রথম দিনেও একই সংখ্যক সেবাপ্রত্যাশী তাঁদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।’